হটাৎ পানির তৃষ্ণায় ঘুম ভেঙে গেল। বিছানার ডান পাশে ছোট্ট একটি টেবিল, তার ওপরে শিল্পকার্য করা পিতলের একটি জগে পানি রয়েছে। বাড়ির উঠোনের পিছনের দিকে ব্যবহারযোগ্য একটি কুয়ো রয়েছে; কিছুদূর হেঁটে গেলে, প্রায় ১৫-২০ মিনিটের মধ্যে একটি নদী—খুবই সচ্ছল পানি, স্বাধীনভাবে নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে। অথচ কি আশ্চর্য হাতের কাছে এত কিছু থাকার পরও মন বলছে, আমি খুবই তৃষ্ণার্ত; আহ আশেপাশে যদি একটি সাগর থাকতো। এই ভাবতে ভাবতে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে খোঁজা শুরু হলো— আশেপাশে কি সাগর আছে যেখানে গেলে আমার এই তৃষ্ণা মিটবে?
কে যেন মনকে প্রশ্ন করল, তুমি কেন সাগর খুঁজে বেড়াচ্ছ এবং কেন ভাবছো যে সাগরের জলে তোমার তৃষ্ণা মিটবে, যেখানে তোমার হাতের কাছে পানির সকল ব্যবস্থা রয়েছে? তুমি কি ভুলে গেছো সাগরের নোনা জলে কখনো তৃষ্ণা মিটবে না, বরং আরও তৃষ্ণা বাড়াবে? তুমি কি এটাও ভুলে গেছো যে তোমার আশেপাশে হাজার কিলোমিটার হেঁটে বেড়ালেও সাগর খুঁজে পাবে না? তোমার এই অবান্তর চাওয়ার কারণ কি? ঠিক তখন মন কোন উত্তর দিতে না পেরে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল।


















