Home Blog Page 3

ভাব বিনিময়ের সূক্ষ্ম শিল্প (পর্ব – ১)

বই পরিচিতি

The Art of Communicating হলো ভিয়েতনামি জেন বৌদ্ধ গুরু Thích Nhất Hạnh-এর লেখা একটি গুরুত্বপূর্ণ বই। এটি প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালে, প্রকাশক ছিল HarperCollins-এর HarperOne imprint। বইটি মূলত ইংরেজিতেই প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এটি কোনো আলাদা ভিয়েতনামি লেকচার থেকে পরে অনুবাদ করা বই নয়; বরং থিচ নাত হানের বহু বছরের mindfulness teaching, retreat talk, এবং জীবনদর্শনের অভিজ্ঞতা থেকে সরাসরি ইংরেজি ভাষায় সাজানো একটি গ্রন্থ।

লেখক সম্পর্কে

তিক নাত হান ছিলেন ভিয়েতনামের একজন বিশ্ববিখ্যাত জেন বৌদ্ধ ভিক্ষু, শান্তিকর্মী, কবি ও দার্শনিক। তিনি mindfulness-কে আধুনিক বিশ্বে জনপ্রিয় করে তোলার অন্যতম প্রধান পথিকৃৎ হিসেবে পরিচিত। ১৯২৬ সালে ভিয়েতনামের হুয়ে শহরে জন্ম নেওয়া এই আধ্যাত্মিক গুরু “engaged Buddhism” ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন, যেখানে ধ্যান, করুণা ও সচেতন জীবনচর্চাকে সামাজিক শান্তি ও মানবকল্যাণের সঙ্গে যুক্ত করা হয়। তিনি France-এ Plum Village tradition প্রতিষ্ঠা করেন, যা আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ mindfulness practice center।

মৌলিক খাবার

খাবার ছাড়া কেউ বাঁচতে পারে না। আমরা যা কিছু গ্রহণ করি তা হয় আমাদের সারিয়ে তোলে, নয়তো ধীরে ধীরে বিষময় করে তোলে। আমরা সাধারণত মনে করি, মুখ দিয়ে গ্রহণ করা খাবারই কেবল আমাদের পুষ্টি দেয়। অথচ আমরা চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, নাক দিয়ে যে গন্ধ পাই, জিভ দিয়ে যে স্বাদ নেই, কিংবা দেহে যে স্পর্শ অনুভব করি এসবই আমাদের খাদ্য। আমাদের চারপাশের গুঞ্জন, কথোপকথন, এমনকি যেসব ঘটনায় আমরা অংশ নিই সবই এই খাদ্যের অংশ।

এখন প্রশ্ন হলো, যা কিছু আমরা গ্রহণ করছি এবং সৃষ্টি করছি, তা কি আমাদের উচ্চতর সম্ভাবনার পথে এগিয়ে নিচ্ছে?

যখন আমরা এমন কিছু বলি যা আমাদের লালন করে, কিংবা আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করে, তখন আমরা ভালোবাসা ও করুণার সুধা পান করি। আর যখন আমাদের কথা ও কাজ দুশ্চিন্তা, ক্রোধ বা বিভাজন তৈরি করে, তখন আমরা আসলে সংঘর্ষ ও দুঃখকে লালন করি।

প্রায়ই আমরা এমন কথা শুনি, যা বিষের মতো হুল ফোটায়। আমরা যা দেখি বা পড়ি, তাও অনেক সময় আমাদের মনে নেতিবাচকতা জন্ম দেয়। কিন্তু আমরা কি এমন কিছু পড়ছি বা দেখছি, যা আমাদের মধ্যে বোধ ও করুণার বিকাশ ঘটায়? যদি তা পারে, তবে সেটাই প্রকৃত সুখাদ্য।

প্রতিদিনের জীবনে আমরা অনেক কিছুই “হজম” করি যা আমাদের মন খারাপ করায়, নিরাপত্তাহীন করে তোলে, অন্যদের বিচার করতে শেখায়, কিংবা নিজেকে শ্রেষ্ঠ ভাবতে প্রলুব্ধ করে। তাই আমাদের উচিত, নিজের প্রতিদিনের কথোপকথন ও অভিজ্ঞতাগুলোকে একজন সচেতন গ্রাহকের মতো দেখা যেন আমরা বুঝতে পারি, কী ধরনের পুষ্টি আমরা গ্রহণ করছি।

ইন্টারনেট এই খাদ্যতালিকার একটি শক্তিশালী অংশ যার ক্ষমতা আছে আমাদের সারিয়ে তোলার, আবার একইসঙ্গে বিষময় করে তোলারও। মাত্র কয়েক মিনিট অনলাইনে থাকলেই অসংখ্য বিষয় আমাদের সামনে হাজির হয়। তাই ইন্টারনেট ব্যবহার বন্ধ করা সমাধান নয়; বরং আমরা কী দেখছি, কী পড়ছি সেই বিষয়ে সচেতন হওয়াটাই জরুরি।

যখন আপনি টানা তিন বা চার ঘণ্টা কম্পিউটারে কাজ করেন, খেয়াল করবেন আপনি যেন নিজেকে হারিয়ে ফেলছেন সেই কাজে। এটা অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার মতো। সারাদিন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যেমন ঠিক নয়, তেমনি সারাদিন কম্পিউটারে ডুবে থাকাও স্বাস্থ্যকর নয়। অল্প পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই যেমন গ্রহণযোগ্য, তেমনি সীমিত সময় প্রযুক্তির ব্যবহারও স্বাভাবিক।

আপনি যা পড়ছেন এবং লিখছেন, তা-ও আপনাকে প্রভাবিত করে। তাই কী গ্রহণ করছেন, সে বিষয়ে সচেতন থাকুন। যখন আপনি এমন একটি ই-মেইল বা চিঠি লেখেন, যেখানে সহানুভূতি ও করুণার প্রকাশ আছে, তখন আপনি নিজেকেও সেই প্রক্রিয়ায় পুষ্ট করছেন। এমনকি একটি ছোট্ট নোট যা-ই লিখুন না কেন তা আপনাকে সারিয়ে তোলার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, যার উদ্দেশ্যে আপনি লিখছেন, তাকেও এটি স্পর্শ করে, তাকে পুষ্টি দেয়।

চলবে… …

২য় পর্ব

সরল অলীক পথ

ঘন ঘন ভূমিকম্পেও হৃদয় কাঁপে না

অমনোযোগী ভাবনারা কচুরিপানার ফুলেরা মতন

বাফারিং হতে হতে রাজ্যের ক্লান্তি নিয়ে

সেই বায়োলুমিনেসেন্স দ্বীপের মতনই জেগে রয়।

মস্তিষ্কের সংগ্রামকে কবিতার ভাষায় প্রকাশ অসম্ভব যুক্তি-তক্কো আর কোমল অনুভূতিদের লড়াই চলমান

আমার মন যেন অসংখ্য জানালার ঘর—

হাওয়া ঢোকে আর গল্প হয়ে যায়, শব্দ আসে- আর পথ দেখিয়ে দেয়।

ভাবনাগুলো হাঁটে না,

তারা ছুটে, ধূমকেতুর চেয়ে দ্রুত সংঘর্ষে!

রোদ্দুরে ফুটে ওঠা আতশবাজির মতো

প্রতিটি বর্ণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

একটা ভাবনা ধরতে যাই,

আরেকটা কাঁধে এসে টোকা দেয়,

আরো একটা দূর থেকে ডেকে ওঠে

শেষে ছুয়ে দেখি, হাতে লেগে আছে নীল শূন্যতা

ফেলে গেছে “কাছাকাছির“ নরম প্রতিধ্বনি।

মনোযোগ এখান গোল্ডফিশের মতো-

সোনালী রং- কিন্তু কমলা দেখতে,

ঝিলমিল করে নীল বিদ্যুত গতিতে,

কিন্তু স্থির আর হয় না সহজে;

দুনিয়া যখন শান্ত হয়, দয়া করে আমাকে

ভেতরের ‘তাড়াহুড়ারা’ একটু নরম হয়।

তারপরও,

এই ঝড়ের গতির ভেতরেই

এক অদ্ভুত সৌন্দর্য আছে!

“উদ্ভাবন”- বেড়া টপকে যায়,

“কৌতূহল”- একদমই ঘুমোতে দিতে চায় না,

“সৃষ্টিশীলতা”- একটা আগুন যা নিভতে জানে না।

হ্যাঁ, আমাদের “মনোযোগ ঘাটতি” এমনি

কিন্তু ঐ মহাজাগতিক মারপ্যাঁচে

আমি খুঁজে পেয়েছি সেই সরল অলীক পথ

যেখানে যাওয়ার কথা ভুলে যাচ্ছো দিনকে দিন।

শুধু মনে রেখো অতিসক্রিয়তা ব্যাধিতেও-

“একত্ব

সংযোগ

অপ্রত্যাশিত

ভালোবাসাও”।

চিত্রনাট্য: ঘোড়া সওয়ার

চরিত্র

০১. শিহাব

(নামের অর্থঃ Shooting star, উল্কা)

– কিছুটা লম্বাটে, উজ্জ্বল বর্ণ, তারুণ্য যেমন আছে তেমনই শ্নাত প্রকৃতির।

– কর্পরেট জব করে কিন্তু এক্সাক্টলি কি সেটা বোঝা যাবে না। দরকারও নাই।

– স্মার্ট ছিপছিপে, মেদহীন, জিম করতেও পারে। মোটকথা ব্যালেন্সড লাইফ লিড করে।

– কোনকিছুর বিশেষ কমতি নাই কিন্তু একটা অজানা জায়গায় আছে।

০২. শ্যামা

(নামের অর্থঃ কালীর অন্য নাম শ্যামা যার অর্থ আদ্যাশক্তি)

– শ্যাম বর্ণের হতে হবে এমন নয়। শিহাবের তুলনায় এক্সট্রোভার্ট।

– নিজের অনুভূতি সম্পর্কে সে সচেতন। শিহাব যেমন নিজেকে খুব বুঝে উঠতে পারেনি তেমন নয়।

দৃশ্য ১

এই ঢাকা শহরে কর্পরেট চাকরী করতে করতে ক্লান্ত শিহাব। তার এই ক্লান্তি অবশ্য সকলের অজানা। একা একটা ছোট্ট ফ্ল্যাটে উঠেছে সে সম্প্রতি। বিশেষ ফার্নিচার নেই। সকালে উঠে ওটস, ডিম সেদ্ধ আর একটা কফি মগ নিয়ে নিজে হাতে আয়রন করা পোশাক পরে কানে হেডফোন গুঁজে সে আপিসে যায় রোজ। আপাতভাবে শুনলে মনে হবে সে সোশ্যাল না। ব্যাপারটা ঠিক তেমন না। সে জীবনে একাকী কিন্তু নারী বা বন্ধু কারোর জন্য অমন মরিয়া নয়। শিহাব সম্ভবত নিজেও জানেনা সে কি চায়, কিন্তু তার মাঝে একটা স্থিরতা আছে। আমরা এক বা দুই মিনিটে শিহাবের নিয়মিত জীবন প্রণালীর কিছু চিত্র দেখব যেখানে অনেক মানুষ অফ ফোকাসে এবং তাদের সাথে শিহাবের কথাও হয়। এখানে কোনো সংলাপ নেই। আবহ সঙ্গীত অথবা নানা সিচুয়েশন অনুযায়ী আশেপাশের মানুষের আওয়াজ থাকতে পারে। অথবা দুটোই থাকতে পারে যেমন শিহাব কানে হেডফোন দিলে সে যে গানটা শুনতে পাবে সেটাই আমরা শুনবো। আমরা আসলে গোটা একটা গানই এই ফিল্মের জন্য বানিয়ে ফেলতে পারি বা মিউজিক পিস। শিহাব ওর আশেপাশের মানুষজনের সাথে কথা বলবে কিন্তু সেগুলো আমরা শুনবো না। অথচ শিহাবের দীর্ঘশ্বাস শুনবো। এই কতগুলো দৃশ্যের কোলাজে আমরা শিহাবের স্থির যে একাকীত্ব সেটাই দেখবো।

মোটা দাগে ভিজুয়াল কাঠামো যেমন হতে পারে:

ক্যালেন্ডারে এক এক করে দিন পার < ঘুম ভাঙা < আপিসের জন্য রেডি হওয়া < সবার সাথে আপিস যাওয়া < টেরাসে গ্রুপ লাঞ্চ < আপিস শেষে বন্ধুদের সাথে চা নাস্তা < বাসায় টিভি অন কিন্তু অন্যমনস্ক হয়ে রাতের খাবার খাওয়া < অতঃপর ঘুম।

এরপর একদিন ক্যালেন্ডারে ছুটির দিন আসে।

দৃশ্য ২

Indoor: বাতিঘর, ঢাকা

শিহাবের মনোলগ:

ঢাকায় যখনই আমার খারাপ লাগে, আমি বাতিঘরে চলে আসি।

কেন? কেননা যখনই আমি বাতিঘরে আসি আমি একরাশ ব্যাথা বুকে বয়ে আনি। এই ব্যাথাদের আমি না ঘরে ফেলে আসতে পারি না অন্যকোথাও।

এই ব্যাথারা আমার খুব কাছের, এরা খুব দামী। তাহলেও বাতিঘরে এসে কি কাজ? কি হয় এখানে এলে? এখানে এসে আমি ইচ্ছেমতন একটা বই বের করি। হাত দিয়ে তাকে স্পর্শ করি। একটা টেবিলে তাকে নিয়ে বসে পড়তে আরম্ভ করি। আর এই পুরো সময়টায় আমার শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে

আমার ব্যাথাগুলো সেই বইয়ের সমস্ত পাতা শুষে নেয়। তারপর সেই বইটাকে আমি অতি যত্ন সহকারে তাকে উঠিয়ে রাখি। আমার তখনকার পড়া আর আমার সাথে থাকা এই অতি মূল্যবান ব্যাথাদের মিলিয়ে তৎক্ষণাৎ আমি কাগজে কলমে লিখতে থাকি। আমার ব্যাথা আর আমার পড়ার বোধের মিথস্ক্রিয়ায় আমার খাতার পাতাগুলো ভরে ওঠে। হাইস্পিডে সারাদিন অফিসের কম্মপিউটারে লিখতে লিখতে সপ্তাহের এই দুইটা দিন হাতে কলমে সময় নিয়ে যত্ন করে লিখতে আমার বেশ লাগে।

আর সাথে একটা কফি হলে সারা শরীরে ঝিরঝিরিয়ে একটা আনন্দ না বয়ে আর উপায় কি!

(সংলাপ অনুযায়ী দৃশ্যায়ন হবে। অফ-ফোকাস থেকে ফোকাসে দেখা যাবে একটা মেয়ে বই হাতে শিহাবের আগে থেকে এককোণে বসেছিলো এবং সে গভীর মনোযোগ দিয়ে শিহাবকে দেখে যাচ্ছে। মেয়েটার চোখে মুখে রাজ্যের কৌতুহল!)

সেদিন রাতে বাসায় ফিরে এসে খুব আরামের ঘুম দেয় শিহাব।

দৃশ্য ৩

Indoor: বাতিঘর, ঢাকা

পরদিন শিহাব আবার বাতিঘরে যায়। সেদিন একটা বই বের করে সবে পড়তে বসবে এমন সময় পাশের টেবিল থেকে একটা মেয়ের চিৎকার শুনতে পাওয়া যায়।

শ্যামা

আপনি জোর করবেন কেন আমাকে!

অচেনা ভদ্রলোক

আপনি চিৎকার করছেন কেন?

শ্যামা

তাই বলে আপনি আমাকে জোর করবেন?

ভদ্রলোক

দেখুন এভাবে কথা বললে লোকে ভুল বুঝবে!

শ্যামা

আর আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে সেটা আপনি বুঝবেন না?

(মেয়েটার সাথে বসে থাকা ভদ্রলোকটি বাতিঘরে অন্য অন্য লোকদের মুখে সন্দেহের ছাপ দেখতে পেয়ে দ্রুতবেগে জায়গা ত্যাগ করে। শ্যামা তাই দেখে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে শুরু করে। শিহাব কিছু না ভেবে তার রুমালটা নিয়ে এগিয়ে আসে। শ্যামার মুখের সামনে ধরলে শ্যামা রুমালটা নিয়ে ধন্যবাদ জানিয়ে নিজেকে সামলাতে চেষ্টা করে। হাত দিয়ে ইশারায় শিহাবকে টেবিলের অপপ্র পাশের চেয়ারে বসতে অনুরোধ করে।)

শ্যামা

দেখুন আমি অন্যায় কোনো দাবী উনার কাছে করিনি।

শিহাব

উনি কি আপনাকে বিরক্ত করছে?

শ্যামা

বিরক্ত তো বটেই। দীর্ঘদিন ধরেই করছে।

(শিহাবের লোকটাকে পেটানোর একটা ইচ্ছে তৈরি হচ্ছে। সেটা তার মুখ দেখে আমরা বুঝতে পারবো। শিহাব চেয়ার ছেড়ে উঠে পরে। সে টেরাসে যেয়ে নিচে তাকায়। লোকটা নিচে চলে গিয়েছে এবং ঠিক সেই সময়ে একবার উপরে তাকিয়ে শিহাবের মুখ দেখে আরো দ্রুত পালিয়ে যায়। শ্যামাও ঊঠে আসে টেরাসে। শিহাবের পাশে গিয়ে দাঁড়ায় সে।)

শিহাব

আপনার কোনো সাহায্য লাগবে? কাউকে ফোন করবেন?

শ্যামা

কেন ফোন করবো কেন? শুনেন, হাসি এলে লোকে কোনো সমস্যা করে না। হা-হা-হা করে জোরছে হাসলে হয়তো একটু বিরক্ত হতে পারে কেউ।

কিন্তু কান্না করা যাবে না তাই বলে? আপনিই বলেন এটা কান্নার প্রতি অবিচার নয়? আপনার সততার প্রতি অবিচার নয়?

শিহাব

জ্বি নিশ্চয় নিশ্চয়। (আমতা আমতা করতে করতে)

শ্যামা

আমি দীর্ঘদিন ধরে এতগুলো কবিতা লিখলাম আর উনিও আমাকে ভরসা দিলেন যে বইটা বের করবেন। এই যে দেখুন আমি প্রুফ রিড করিয়েছি। পাণ্ডুলিপি নিয়ে উনার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছি আজ ছয় মাস। আমার কবিতা নাকি খুব ভালো কিন্তু একটাও প্রেমের কবিতা নেই। প্রেমের কবিতা ছাড়া উনি বই ছাপবেন না। এটা তো উনি আমাকে আগে বললেও পারতেন, তাই না?

শিহাব

ও, প্রেমের কবিতা নেই?

শ্যামা

না, নেই।

শিহাব

অবশ্য একজন কবিকে এভাবে লিখতে বাধ্য করা যায় না।

শ্যামা

না তাতো যায় না কিন্তু সমস্যা সেখানেও নেই। আমার অনেকগুলো প্রেমের কবিতা লেখা আছে। সত্যি বলতে প্রেমের কবিতার সংখ্যায় বেশি।

শিহাব

ও!

(শিহাব চুপ মেরে যায়। এই মেয়ের সমস্যা কি সে বুঝতে পারে না।)

শ্যামা

তাহলে সমস্যা কোথায়?

(শিহাবের মনের কথা টের পেয়ে মেয়েটা বলে। জবাবে শিহাব মাথা নাড়ে।)

শ্যামা

সমস্যা হলো প্রেমের কবিতা আমি বেচবো না।

(দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। শিহাবও বুঝতে পারছে না কি বলবে। তাই দেখে মেয়েটা তার কান্নার বেগ বাড়িয়ে দেয়।)

শ্যামা

এখন আপনিও নিশ্চয় ভাবছেন এ কোন বোকার পাল্লায় পড়লাম।

শিহাব

এই ইয়ে না না। শুনুন, কাঁদবেন না প্লিজ। প্রেমের কবিতা কেউ বেচবে না এতো নতুন শুনলাম। তাছাড়া বেচাবেচিই-বা ভাবছেন কেন? এই যে এত এয় হৃদয় নাড়ানো প্রেমের কবিতা আছে সেগুলো তো বই কিনেই পড়েছি। তাও তো বুকে এসে লাগে শব্দগুলো।

শ্যামা

তাহলে রোজ শুক্র-শনি করে আপনি বাতিঘরে এসে ফ্রি ফ্রি বই না পড়লেই পারতেন। বইগুলো কিনে পড়েননা কেন? কোন বইটার উপরে আপনার টান বেশি বলুন? কেনা বই নাকি ওই সেলফে তুলে রাখা অতগুলো বই?

(শিহাব লজ্জায় পড়ে যায়।)

শিহাব

ও, আপনি দেখেছেন বুঝি!

শ্যামা

তাছাড়া প্রেমের কবিতাগুলো অবরুদ্ধ করেতো রাখিনি। বরং ওগুলো যেন না কিনে সবাই পড়তে পারে সেটাই আমি চাই। আপনাকেই শোনাচ্ছি এখন একটা শুনুন। না বেচা প্রেমের একটা কবিতা শুনুন।

(আমরা দেখব ঘূর্ণায়মান ক্যামেরায় মেয়েটি একটা কবিতা বলে যাচ্ছে অত্যন্ত প্যাশানের সাথে। সেই কবিতা আমরা শুনতে পাবো না যেহেতু এটা না বেচা প্রেমের কবিতা। কিন্তু কবিতা শুনে মুগ্ধ হতে দেখা যায় শিহাবকে। শিহাবের চোখে মুখে সেই অভিব্যক্তি স্পষ্ট। কবিতা শেষ হলে আশেপাশের শব্দ বেড়ে যায় ছাড়া কবিতা চলাকালীন একটা স্বপ্নময় আবহ সঙ্গীত শোনা যেতে থাকে। কবিতা আবৃত্তি শেষ হলে দুজনে নীরব হয়ে থাকে কিছুক্ষণ। জুম-আউট করতে করতে ঝাপসা হয়ে আসে পর্দা।)

দৃশ্য ৪

Outdoor: শাহাবাগের BSMMU এর এ ব্লকের ছাদ, পড়ন্ত বিকেলে

উঁচু ভবনের ছাদে শিহাব আর সেই মেয়েটি পাশাপাশি শুয়ে আছে। বাতাসে তাদের চুল উড়ছে, পোশাক উড়ছে। চোখ দুটো কারো কখনো বন্ধ, কখনো খোলা। মৃদু বাতাস হচ্ছে। শহুরে রাস্তায় ক্যাওয়াজ শোনা যাচ্ছে খুব। এরই মাঝে কিছু পাখিও ডেকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এই অবস্থা ক্লোজলি দেখানো হবে। কোনো সংলাপ নেই কিন্তু পাশাপাশি দুটো মানুষের নিশ্চুপ শুয়ে থাকার শব্দ, তাদের দমের শব্দ, তাদের আলতো করে হাত স্পর্শ করা, আলতো চোখে চেয়ে দেখা এরসবকিছুই আমরা দেখবো। তাদের অনুভব করবো।

শ্যামা উঠে বসে মাথা থেকে চুল বাঁধার স্কার্ফটা খুলে ফেলে। ছাদের রেলিং এর ধারে যেয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে সে। হাতের স্কার্ফটা বাতাসে পতপত করে উড়ছিলো। পরক্ষণেই আঙ্গুল ঢিলে করে স্কার্ফটা উড়িয়ে দিলো সে। তাই দেখে শিহাব উঠে বসে। দুজনেই এই অদ্ভুত কাণ্ডে শব্দ করে হেসে ওঠে। শিহাব একটু একটু করে শ্যামার কাছে এগিয়ে আসে।

শ্যামা বিড়বিড় করে বলছে…

শ্যামা

গিরতে হ্যায় শাহসাওয়ার হি ম্যায়দানি জাংগ মে

উও তিফ্ল কেয়া গিরেগা জো ঘুটনো কে বাল পে চালে।

শিহাব

মির্জা আজিম বেগ?

(শ্যামা মাথা নাড়ায়।)

শিহাব

ঘোড়ায় থাকা সৈনিকই যুদ্ধের ময়দানে পড়তে পারে

সেই নাবালক কীভাবে পড়ে আহত হবে

যে এখনো হাঁটুতে ভর দিয়ে চলে

(শিহাব পিছন থেকে শ্যামাকে জড়িয়ে ধরে।)

শিহাব

প্যারালাল ইউনিভার্স সম্পর্কে জানিস?

শ্যামা

হুমমমমমমম

শিহাব

মানিস?

শ্যামা

হুমমমমমমম

(শ্যামার মুখে এবার হাসি। সে উলটে শিহাবের দিকে ফেরে। দুজনের দুজনের হাত ধরে থাকে।)

শ্যামা

কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে

মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;

অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে

ভালোমন্দ যা ঘটুক, মেনে নেবো: এ আমার ঈদ।

শিহাব

আল মাহমুদ?

(শ্যামা মাথা নাড়ে। শিহাবের দিকে পিছন ফিরে আবার আগের ভঙ্গিতে ফিরে আসে।)

শ্যামা

মরণের আগে মরণ।

ঐ যে দূরে নোয়ার নৌকা।

নিয়ে যাবে আমাদের প্যারালাল ইউনিভার্সে।

(আকাশে কাল্পনিক মেঘ দেখিয়ে কথাগুলো বলে শ্যামা।)

শিহাব

কি যা তা বকছিস!

শ্যামা

কেন? তুমি প্যারালাল ইউনিভার্স মানোনা?

(শিহাব কেমন যেন চুপ মেরে যায়। শ্যামা বলতে থাকে…)

শ্যামা

ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন –

নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি, কিংবা কিছু নয়;

অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন;

কার হাত ভাঙে চুড়ি? কে ফোঁপায়? পৃথিবী, নিশ্চয়।

স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক,

অদৃশ্য আত্মার তরী …

(শিহাব এবারে শ্যামার কথাগুলো ধরে নিজেই বলতে শুরু করে।)

শিহাব

অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?

কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?

নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!

আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার

যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।

(একটু পরে ছাদে আর কাউকে দেখা যায় না। মনে হলো রেলিং থেকে দুজনে ঝাঁপ দিয়েছে হয়তো। কিন্তু নিচের ব্যস্ত লোকারণ্য রাস্তায় কারো মরদেহ নেই। ছাদের উপরে থাকা দুইজনের স্মার্ট ফোন পড়ে আছে। শিহাবের অফিস খোলা ব্যাগ দেখা যায়। সেখান থেকে বেরিয়ে পড়ছে গুরুত্বপূর্ণ ফাইল, পেপার্স, ল্যাপটপ। আকাশ কাপিয়ে বৃষ্টি পড়া শুরু হলো। ঝড়ো বাতাসে সব উড়িয়ে নিতে চাইছে যেন।)

এই পৃথিবী থেকে দুম করে দুইজন মানব মানবী কেমন করে নাই হয়ে গেলো কেউ টেরও পেলো না……

দৃশ্য ৫

Outdoor: আমাদের স্বাভাবিক রোজকার গ্রামাঞ্চল, শীতের উষ্ণ দুপুর

শ্যামার মাথার সেই স্কার্ফ খোলা হাওয়ায় উড়ছে। শিহাব সেটা ধরে ফেলল। স্কার্ফটা এনে শ্যামার মাথায় পরিয়ে দেয় সে। পুকুর ঘাটের ধারে এক সর্ষে ক্ষেতে শ্যামা আর শিহাব একটা পিকনিক করতে এসেছে, অথবা এটাই তাদের ঘর সংসার আমরা তা জানিনা। দুজনে মিলে কিছু বই আর ফলমূল এনেছে। ফ্লাস্কে আছে চা। আরো শুকনো কিছু খাবার। একটা সুন্দর সাদা নকশি কাঁথা পেড়ে তার উপর উপুড় হয়ে শুয়ে খাতার লেখা আর পেন্সিল ধরে আছে শ্যামা, কিন্তু দৃষ্টি দিগন্তের দিকে। নিমগ্ন হয়ে আছে দেখার মাঝে, প্রকৃতির সৌন্দর্য সুধা পানের মাঝে।

শিহাবকেও দেখে নেয় এক ফাঁকে সে। শিহাব একটা দোলনা রেডি করছে। একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে তারা, মৃদু হাসে। শিহাব গাছ ঘেঁষে বসে ওর গিটারে অচেনা সুর তোলে মাঝে মাঝে খাতায় নোটগুলো লিখে আবার পেন্সিলটা কানে গুঁজে রাখে। এরসবই শ্যামা দেখতে থাকে। একসময় খাতায় সে লিখতে শুরু করে। এই প্রথমবার আমরা তার লেখা প্রেমের কবিতাটি দেখতে পাবো। যেহেতু এ এক অন্য জগত, যেখানে কিছু বিক্রি হয় না।

পারমার্থিক অনলাইন সাধুসঙ্গ থেকে ওয়েবসাইটের যাত্রা

সময়টা ২০২০ সাল। কোভিডের আক্রমণে কেঁপে উঠেছিল পৃথিবীর সভ্যতা। স্থবির হয়ে পড়েছিল স্বাভাবিক জীবনযাত্রা। এরই প্রেক্ষিতে এবং সরকারি বিধিনিষেধের কারণে গুরুজীর সঙ্গে আমাদের সম্মুখ সাক্ষাৎ বন্ধ হয়ে যায়।

প্রবাহমান জলরাশিকে যেমন থামিয়ে রাখা যায়…

না—পিছনের স্রোতের ধাক্কা তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। তেমনি, আমাদের জীবনেও হয়তো তখন একটা ধাক্কা কাজ করছিল, যা আমাদের বিকল্প পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।

একদিন পারিবারিক আলোচনায় আমরা সিদ্ধান্ত নিলাম—সরাসরি দেখা সম্ভব না হলেও বিকল্প উপায়ে, অনলাইনে অন্তত সপ্তাহে একদিন একত্রিত হওয়া যেতে পারে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, তখন আমরা যেহেতু চাকরিসূত্রে মেহেরপুর শহরে বসবাস করছিলাম, তাই পরিচিত এক WiFi সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করে সেদিন বিকেলেই বাসায় ইন্টারনেট সংযোগ স্থাপন করা হলো।

এভাবেই শুরু হলো পারমার্থিক Online Conversations। অল্প সময়ের মধ্যেই এর সদস্য সংখ্যা ত্রিশ ছাড়িয়ে গেল।

এক পর্যায়ে কোভিডের প্রভাব কমে এলো। আমি ও তোরিফা সরকারি চাকরি ছেড়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়, মহাত্মা লালন ফকিরের পুণ্যভূমিতে, তাঁবু খাটিয়ে নতুনভাবে বসতি স্থাপন করলাম। ছেঁউড়িয়ায় কেন এলাম—সে গল্প আজ নয়, অন্যক্ষণে বলার অভিপ্রায় রইলো।

যাইহোক, সেদিনের Zoom প্ল্যাটফর্মের সেই ছোট্ট উদ্যোগ আজ রূপ নিয়েছে পারমার্থিক ওয়েবসাইটে। এটি আমার জন্য এক গভীর আনন্দের বিষয়। কারণ, এর সূচনালগ্নে আমি যুক্ত ছিলাম। সেই শুরুর অনুভূতিগুলো আজও হৃদয়ে দোলা দিয়ে যায়। এই দোলা ছড়িয়ে পড়ুক সকল মনে, সকল ক্ষণে ।

লেখালেখির জগতে আমি অত্যন্ত দরিদ্র। কন্যা সুপ্রভা জুঁই-এর ধাক্কাতেই এই লেখাটি নির্মিত হলো।

প্রসঙ্গত বলতে হয়—বন্যা যেমন আমাদের ক্ষতিগ্রস্ত করে, তেমনি তার বয়ে আনা পলিমাটি আবার উর্বরতা এনে দেয়, বাড়িয়ে তোলে ফসলের উৎপাদন। তেমনি কোভিড আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার দিয়েছে নতুন কিছু সম্ভাবনাও। পারমার্থিকের Zoom প্ল্যাটফর্ম এবং আজকের এই ওয়েবসাইট তারই ধারাবাহিক প্রকাশ।

অর্থাৎ, এগিয়ে যেতে প্রয়োজন একটুখানি ধাক্কা, আন্তরিকতা এবং নিরবচ্ছিন্ন পথচলা বা লেগে থাকা । গুরু-কৃপায় সাফল্য তখন অনিবার্য হয়ে ওঠে।

এপর্যন্ত যা কিছু অর্জন, সবই “উনার” দিকনির্দেশনা ও পরামর্শের ফল। আর যারা তাঁর নির্দেশনায় পারমার্থিক ওয়েবসাইট নির্মাণে নানাভাবে যুক্ত থেকে এই উদ্যোগকে এগিয়ে নিয়েছেন, তাঁদের সকলকে জানাই আন্তরিক সাধুবাদ।

জগতে সকলের কল্যাণ হোক।

জয় গুরু।

ছেঁউড়িয়া, কুষ্টিয়া।

জয়তুনের বেহেশ্তি বিয়ে

বকুলের মা`র হাত ধরে লঞ্চে উঠে হাঁপাতে থাকে জয়তুন।

বুকে চেপে ধরা একমাত্র ছেলে কুদ্দুস। তার কাছে সব কিছু কেমন যেন নতুন নতুন লাগে। কী করতে হবে নিজে নিজে বুঝতে পারে না সে। এদিক সেদিক তাকায়। অব্যক্ত অজানা কী-একটা তার মনের কোথায় সারাক্ষণ নাড়া দিয়ে চলেছে।

‘বও বও`, বকুলের মা উপদেশ দেয়। সাথে আনা ছোট মাদুরটি বিছিয়ে বলে, ‘এহানে পোলারে রাইখ্যা বস্তায় এলান দিয়া বও`। কাঁথা বালিশ থালা বাটি ডেকচি আরো কিছু দরকারি জিনিসপত্রে ভরা বস্তাটি টেনে বিছানার এক পাশে নিয়ে বলে, ‘ডাহায় যাইতে কাইল হেই বিয়ানে। হারা রাইত ঘুমাইতে ঘুমাইতে যামু। কেউ আবার টাইন্যা নিয়ে যায় নাহি। তুই ঘুমাইয়া উঠলে আমি ঘুমামু।`

এখনো জয়তুন কিছু বলতে পারে না। কত অজানা বিষয় মাথায় ভিড় করছে তার ইয়ত্তা নেই। লঞ্চ ছাড়তে অনেক দেরি মনে হয়। ডেকে অনেক জায়গা খালি পড়ে আছে যে। ওর কথা বলা ছেলেটাও নতুন অবস্থায় নিজেকে এখনো মানিয়ে নিতে পারে নি। কোনো কথা না বলে এদিক সেদিক তাকিয়ে থাকে। আত্মীয় বা কয়েক জন পরিচিত ছাড়া কাউকে সে কোন দিন দেখে নি। কিন্তু লঞ্চ পর্যন্ত আসতে আসতে তার এত বেশি দেখাশুনা হলো যে ঠিক মত সব বুঝতে পারছে না। বরগুনার বাইরে এই প্রথম জয়তুন যাচ্ছে। তার মুখে কথা ফোটে না, শুধুই কানে বাজে।

আস্তে আস্তে অনেক লোক উঠে পড়ে। অনেকে তর্কাতর্কি করছে জায়গা নিয়ে। অনেকে আরাম করে বসে পড়েছে। কাউকে কাউকে দেখে মনে হচ্ছে টাকা পয়সাওয়ালা। কেউ মনে হয় চাকরি করেন। আবার অনেকের অবস্থা জয়তুনদের মতই। জয়তুন ইতস্তত চোখ বুলায়, অনুমান করে এটা সেটা।

বকুলের মা মুখে পান পুরে দিয়ে চিবায় একটু একটু। ডান হাতের তর্জনী আঙ্গুলে লেপটানো চুন। ‘নে, পান নে‘, জয়তুনের দিকে অর্ধেক ছেঁড়া পানে চুন লাগিয়ে টিনের কৌটা থেকে একটু সুপারি তুলে দেয় বকুলের মা। হাতটা বাড়িয়ে পান নেয় সে। মুখে পুরতে পুরতে অনেক সময় পেরিয়ে যায়। জয়তুনের চোখে মুখে উদাস চাহনি।

‘অত চিন্তা করিস না। মোর লগে থাকবি। চিন্তা কী, আঁ?‘ আঙ্গুল থেকে একটু চুন দাঁত দিয়ে কেটে জিবে নেয় বকুলের মা। পানের পড়ন্ত রসকে সুড়ুৎ শব্দে মুখের মাঝে টেনে নেয়। ‘মুই যা খামু তুইও হেইডা খাবি। কাম একটা জোগাড় করে নিমু। মোর তো আছেই। তোর লইগ্যা কইয়া রাখছি মোগোর সামনের মেস বাসায়। হারুন ভাই খুব ভালো মানুষ।‘

কেমন এক অজানা আশঙ্কায় ধক করে ওঠে জয়তুনের বুকটা।

বকুলে মা আবার বলে, ‘মোরে কইছে, নিয়া আইও বকুলের মা, মোগো মেসে একটা ভালো বুয়া লাগবো। যেডা আছে, হেডা কামের না।‘ মুই ঠিক মত যদি তোরে লাগাইয়া দিতে পারি, আর যদি তুই কাম কাইজ বুইঝ্যা লও, তাহলে তো কোন চিন্তাই নাই।‘ বকুলের মা জয়তুনের সাফল্যে আগাম খুশি হয়ে ওঠে।

ব্যাগ বস্তা ঠিক আছে কিনা একটু দেখে নেয় বকুলের মা। জয়তুনের আরো কাছে আসে, ‘লও, চুন নেবা না?‘। প্লাস্টিকের ছোট একটা কৌটা থেকে দু আঙ্গুল দিয়ে একটু জর্দা তুলে মুখ উপর দিক করে সেটুকু মুখে ফেলে। ‘এ কদ্দুস, কি ঘুমাইছনি?‘ জয়তুনের গায়ের সাথে থাকা ছেলেটাকে নাড়া দেয়। পানভর্তি পলিথিনের ব্যাগটা খুঁজতে থাকে। চুনের কৌটাও খোঁজে। ‘অকি, তুই দেহি মুখ লাড়িস না? তুই তো আবার পান খাস না। তয় অভ্যাস কর। জানো, পান খাইলে দুঃখ ভোলা যায়‘।

জয়তুনের চোখ জলে ভরে যায়।

আঁচলে চোখ মুছে পান ভরা মুখটা আস্তে আস্তে নাড়তে থাকে জয়তুন। বকুলের মায়ের পুরান জর্দার কৌটায় রাখা চুন থেকে একটু চুনও নেয় আঙ্গুলে। চিবোতে থাকে। কেটে যায় কিছুক্ষণ। পান চিবালে কষ্ট ভুলা যায়?–ভাবে সে।

লঞ্চে ওঠার পর থেকে যে একটা কষ্ট শুরু হয়েছে সেটা যাবে তো? পান চিবাতে চিবাতে তার মুখটা ভরে যায় রসে। একটু একটু করে গিলেও ফেলে তা। মাথাটা কেমন ঝিম মেরে ওঠে তার। নতুন কষ্টটা যেতে চাচ্ছে না তার কাছ থেকে। আবার পুরান দুঃখটাও হঠাৎ করে হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে চাচ্ছে মনের ভিতর থেকে।

এমন দুঃখের সময় কুদ্দুসকে বুকে ধরলে একটু সুখ পাওয়া যায়। ছেলেকে কাছে টানে জয়তুন। এতক্ষণে কুদ্দুসেরও তন্দ্রা পেয়েছে। তন্দ্রালু ছেলে ওঁ আঁ শব্দ করে। গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় জয়তুন। একটা কেমন দীর্ঘ শ্বাস বেরোয় বুকের গভীর থেকে।

লঞ্চ ছাড়ার সময় হয়েছে। হুইসেল বাজায় কয়েকবার। ইঞ্জিনের শব্দ বাড়তে থাকে। লঞ্চটি কাঁপতে থাকে। এক সময় বেশ দুলে ওঠে। জয়তুন ভয় পায়। বকুলের মায়ের হাত চেপে ধরে। বকুলের মায়ের হাসি পায়। নিজের অভিজ্ঞতার সাথে জয়তুনের অনভিজ্ঞতার তুলনা করে চোখে মুখে সে অভিব্যক্তি ফুটে ওঠে। জয়তুনের মুখ ফোটে, ‘আল্লাহ্!‘ অস্ফুট স্বরে দোয়া পড়তে থাকে সে।

‘দোয়া পড়! দোয়া-দরুদ, আল্লাহুম্মা…‘। বকুলের মা উপদেশ দেয়। নিজেও কী যেন পড়তে থাকে।

… এভাবেই একসময় সদরঘাট। সায়েদাবাদে। হারুন ভাইয়ের মেসে। অতঃপর …

জয়তুন সব শিখে ফেলেছে। অনেক কিছু তার জানা। অন্যসব বুয়া। মেসের লোকজন। তাদের আসা যাওয়া। ভাবভঙ্গি। চোখের চাহনি। কিসের আকুতি। কাঁচা বাজার, পাকা বাজার। বস্তিতে থাকা। আগুনে পোড়া বস্তি। নতুন ঘরে ওঠা। কত রকম প্রতিবেশী। আট দশ বছর কেটে যাওয়া। ছেলের বড় হওয়া। যত পরিবর্তন, সব জানা তার।

জয়তুনের চিকন এক হারা শরীর দোহারা থেকে তেহারার মত পৃথুল হতে চলেছে। বয়স যৌবনকে ছেড়ে দেবার পাঁয়তারা করছে। কত আশা আকাঙ্খা হারিয়ে গেছে কোথায়। কত নিকটাত্মীয় পর হতে চলেছে। দূরের লোকজন আপন হয়েছে। সে হয়ত কিছু মনে রাখে কিছু রাখে না।

দুপুরের পর বিকেলের আগে একটু অবসর সময়। তখন সে কী-সব ভাবে মাঝে মাঝে। কিন্তু ঠিক মত সব বুঝতে পারে না। হঠাৎ জীবন জগৎটা তার কাছে অচেনা লাগে।

‘মা, ও মা…‘ হটাৎ চমকে ওঠে জয়তুন। ‘ভাত খামু‘। ছেলের কথায় নড়ে চড়ে ওঠে সে। ব্র্যাক স্কুল পড়ুয়া ছেলে এদিক সেদিক ঘুরে এখন ফিরলো। কতক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রয় সে। ঠিক বাপের মত দেখতে। নামও রেখেছিল বাপের নামের অক্ষরে। করিমের ছেলে কুদ্দুস। বুকটা একটু কেমন মোচড় দেয় জয়তুনের।

মেসের চুলাতেই তার নিজের রান্নাবান্না হয়ে থাকে। দিনের প্রায় পুরোটাই কাটে মেসের ব্যস্ততায়। ছেলেটাও বস্তিতে রাতে ঘুমানোর সময় আর স্কুলে থাকার সময় ছাড়া মায়ের ধারে কাছেই থাকে। মেসে এর ওর ফাই ফরমাস খেটে ভালোই কাটে তার। অনেকে ছেলের সাথে ঘনিষ্ট হয়ে মাকেও ঘনিষ্ট করতে চায়। জয়তুন বুঝেও না-বুঝার ভান করে। বিরক্ত হয়, উপভোগও করে অনেক সময়। পুরুষ মানুষের জ্বালা না-পেলে মেয়ে মানুষের জ্বলন কমে না মনে হয়।

হারুন ভাই মেস ছেড়েছেন কবে। তার ঘরে এখন বাস করে তরুন ভাই। বকুলের মা অসুস্থ হয়ে সেই কতদিন হলো দেশে ফিরে গেছেন। লোক মুখে শুনেছে জয়তুন, বকুলের মায়ের ভিক্ষা করে খাওয়ার কথা। শুধু হারুন ভাই আর বকুলের মা নয়, অনেকেই চলে গেছেন। নতুন নতুন কত জন এসেছেন। কিন্তু জয়তুনের যাওয়া হলো না কোথাও।

‘ওহানে কদ্দুস? এ কুদ্দুস্সা‘ ডাক শুনে ভাবনায় ছেদ পড়ে জয়তুনের। উঠে দাঁড়ায়। ‘হ, ভাই‘ উত্তর দেয় সে। তরুন ভাইয়ের ঘরের দরজায় আসে জয়তুন। ‘কী কন?‘ জিঙ্গেস করে সে। ‘তোর পোলাডারে লন্ডিতে পাডাইয়া দে’ তরুন ভাই বলে। গার্মেন্টস ফ্যাক্টরির নাইট শিফটের এক লাইন ইন-চার্জ। ‘রাঙ্গা জামাডারে গায়ে না-দেলে সুইংয়ের মাইয়ারা একটা হাসিও দেয় না। কত বড় খারাপ মাইয়াগুলা‘। আক্ষেপ তরুন ভাইয়ের গলায়। জয়তুন রস বোধ করে। ঘরে ঢোকে। ‘আমনে আইজ গো পান খাইছেন?‘ দু জনে কেমন তাকিয়ে থাকে। জয়তুনের মুখে পান, তরুনের মুখে সিগারেট। দু জনের গালে হাসি।

‘ও মা, মোর একছের খিদা লাগজে‘, কুদ্দুস কষ্ট প্রকাশ করে। ‘এ কদ্দুস, তোর কি বেশী খিদা লাগজে? তাইলে একটা কেলা খাইয়া যা‘। ডাকে তরুন। ছেলের প্রতি বিরক্তি নিয়ে ভাত বাড়তে তরুনের ঘর থেকে বের হয় জয়তুন।

অমন করে আলো ছাড়া অন্ধকারেও যে আসতে যেতে হয়, এ ঘরে নয়তো ও ঘরে। ঠাণ্ডা গরম পরশ যে পেতে হয় না এর বা ওর তাতো নয়। অন্ধকারে পিচ্ছিল পথে গর্তেও পড়তে হয় ইচ্ছায় না-হলেও অনিচ্ছায়। বস্তির ঘরে ফিরে রাতে শুয়ে শুয়ে কত কী ভাবনা ভাবে জয়তুন। অনেকদিন পর আবার ফিরে আসে স্বামীর মুখচ্ছবি। জয়তুনের বুকের কোথায় যেন ব্যথা করে ওঠে। কাতরায়। ঘুমন্ত ছেলেটার গায়ে হাত বুলায়। দীর্ঘ শ্বাস আসে শুধু। ঘুম আসে না।

করিম তখন মৃত্যুজ্বরে বিছানায় পড়ে ছিল। একদিন ভোর রাতে জয়তুন স্বামীর বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদছিল। চোখের জলে ভিজে করিম একটু আরাম বোধ করে। দুর্বল ভাঙ্গা ভাঙ্গা গলায় কী সব বলে জয়তুনকে। সব কথা তার মনে নেই। কিন্তু একটা কথা তার সব সময় মনে শব্দ করে বেড়ায়। করিম একবার গলা খাঁকারি দিয়ে কেশে ওঠে বার কয়েক। জয়তুন তার বুক থেকে মাথা তুলে বসে। করিম হঠাৎ তার হাত দুটো শক্ত করে চেপে ধরে। বিড় বিড় করে বলে ‘জয়তুন, তুমি মোরে একটা কথা রাখবা, জয়তুন্ন্যা…?‘ জয়তুন স্বামীর কথায় আপ্লুত হয়ে পড়ে। বলে, ‘কও কও, তোমারে মুই কথা দেলাম, কও কী কথা?‘

করিম একটা হাত জয়তুনের পেটে বুলাতে বুলাতে বলে, ‘মুই যদি মইর‍্যা যাই‘ একটু দম নেয় সে, আবার বলে, ‘এই পেডে যে আছে হ্যারে নিয়াই তোমার জীবনডা শেষ করবা। আর কাউরে বিয়া করবা না। তাইলে পরকালে মোগো আবার বিয়া অইবে।‘ থামে করিম। জোর করে নিশ্বাস নেয়। জয়তুনকে আর কাছে নিতে পারে না। একটুখানি বাতাস টানতে পারলেও জয়তুনের এলোমেলো চুলটুকুও টানতে ব্যর্থ হয় সে। জয়তুন তাকে ধরতে পারলেও কাকে যেন আর ধরতে পারে না। সেই যে চলে গেল কিছুক্ষণের মধ্যেই–তা জয়তুন বুঝতেও পারলো না, মানতেও পারল না। স্বামীকে শক্ত করে ধরেই রইল। সকালে যখন আর অন্যরা এসে বললেন ওর প্রাণ নেই, তখনো সে শক্ত হাতে স্বামীকেই ধরে ছিল। করিমের দেহ তো রয়েছে, তাহলে গেলো কে? এর ঘোর আজও জয়তুনের কাটে নি।

স্বামীকে দেয়া কথা থেকে জয়তুন এক মূহুর্তও সরে নি। তার স্বামী কি নিজে জানত যে, সে বা তারা বেহেশতে যাবে? নিজের মৃত্যুর পূর্ব মুহূর্তে নিজের লোভনীয় জায়গায় যাওয়া এবং নিজের প্রিয় স্ত্রীকেও সেখানে নিতে চাওয়া জয়তুনের প্রতি তার গভীর ভালোবাসা সন্দেহ নেই। কিন্তু তার প্রিয় স্ত্রীটি বাকি জীবন কত কষ্টে দিন যাপন করবে সে বিষয়ে সে কতটুকু ভাল মনের পরিচয় দিল? জয়তুন একটি বারও তা পরীক্ষা করে নি। স্বামীর প্রতি শুধু গভীর ভালোবাসাই যত্ন করে রেখে দিয়েছে বুকের মাঝে।

বস্তিতে বাস করে হীরা জহরত দিয়ে গড়া বেহেশত অনুমান করার চেষ্টা করে জয়তুন মাঝে মাঝেই। কিন্তু হীরা জহরত সে কখনো দেখে নি। তাই বেহেশতটা ঠিক মত দেখতে পায় না। তখন স্বামীর চেহারাটাও কেমন ফ্যাকাসে মনে হয়। তার ভয় লাগে এ বেহেশত নিয়ে। ভাবনাটা ভেঙ্গে যায়। কিন্তু তারপরও বিশ্বাস টিকে থাকে। এ বিশ্বাস নিয়ে টিকে থাকতেই কত মহৎ হাতছানিতে সাড়া দেয়া হলো না তার। মানুষ তাকে দেখে ভাবে– অনেক কষ্ট আর একটা ছেলে শুধু তার। আর সে ভাবে তার আছে বেহেশতি বিয়ের বর, তার ভালোবাসার স্বামী।

একদিন বস্তির ও-পাশের মাঠে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একটা ইসালে সওয়াব হলো। জয়তুন কাজ শেষে আর অন্যদের সাথে গিয়েছিল হুজুরের বয়ান শুনতে। হুজুরের অনেক কথার মধ্যে একটা কথা তার মনে লাগে খুব। হুজুর বলেছিলেন, ‘ও আমার মা বোন ভাইয়েরা, যে ব্যক্তি যেমন বিষয়-মানুষ মনের মাঝে লাগিয়ে রাখে সে ব্যক্তির হাশর হবে তেমন বিষয়-মানুষের সাথে’। কী সুন্দর সুর করে কথাগুলো বলেছিলেন তিনি। তখন বুকে কাঁপন ধরেছিল তার। স্বামীর সাথে তার যেন হাশর হয় এই কথা ভেবেই কী অদ্ভুত সুখ হয়েছিল তার। সে দিন ইসলামের নামে দান করার ফজিলত শুনে তার হাতে থাকা টাকাটাও দিয়েছিল জয়তুন হুজুরকে। মনে মনে একটা নিয়ত করেছিল। তার স্বামীর সাথে যেন তার হাশর হয়। ছেলের জামা কেনার টাকা হুজুরকে দিয়েই সে স্বস্তি পেয়েছিল। রাত গভীর হলে কয়েক রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কত কান্না কাটি করে দোয়া করেছিল সে। ঐ দিন থেকে তার আশা বেড়ে গেছে অনেক গুণ।

জয়তুনের বিশ্বাস আর ভাঙ্গে না। বেহেশতে তাদের বিয়ে হবে। তার ভালোবাসা আর বিশ্বাস একাকার হয়ে আছে। মনে হয়, স্বামীর প্রতি ভালোবাসা থেকে উৎপন্ন বিশ্বাস তার কাঁচা বয়সকেই পাকিয়ে দিয়ে যাবে। তারও শেষ নিশ্বাস চলে যাওয়ার পর আবার হয়ত তাকে নিশ্বাস নিতে ফিরে আসতে হবে। তখন হয়ত জয়তুন পুরুষ বেশে আর করিম নারী বেশে জনম নেবে। নাকি আগের মতই থাকবে বলা যায় না। হয়ত তারা ভাই-বোন, কিংবা পিতা-কন্যা, অথবা মা-ছেলে, কিংবা আর কোনো আত্মীয় বা প্রতিবেশী হয়ে জন্ম নেবে। নাকি তারা দূরে অজ্ঞাত স্থানে জন্ম নিয়ে কীভাবে যেন কাছাকাছি একত্রিত হবে। তাদের সম্পর্ক যাই হোক এক সাথেই তাদের হাশর হবে। লোকেরা তাদের দেখেও হয়ত চিনতে পারবে না। তারা নিজেরাও চিনবে না নিজেদের। তাদের বিয়ে বা বন্ধুত্ব নিয়ে তারা বা লোকেরা সবাই শুধুই হইচই করবে। এভাবেই হাশরের নামে একত্রিত হওয়া কিংবা কত নরক গমন আর কত স্বর্গারোহন তার হিসাব জয়তুনরা রাখতে পারে? এমন ধারণাও তাদের নেই। মানুষের অজ্ঞতার মত বেহেশতটাও জয়তুনের কাছে অস্পষ্ট রয়েই গেলো।

ঈদে মায়ের বাড়ি আসে জয়তুন ছেলেকে নিয়ে। অনেক দিন পরে আসা। স্বামীর কবরের জায়গাটা চোখে পড়ে তার। ক-দিন পর তার জমানো কিছু টাকা খরচ করে মিলাদ পড়িয়ে নেয় সে। হাফেজি পড়া ছাত্রদের দিয়ে কবর জিয়ারত করায়। নিজে দূরে দাঁড়িয়ে থেকে ভালোবাসার কষ্টে কিছুক্ষণ কাঁদে।

‘মাগো, ঘরে যাবা না, নানী বোলাইতেছে’। কুদ্দুসের কথা শুনে সম্বিত ফেরে তার। লোকেরা কখন সব চলে গেছে ভাবনার ঘোরে থাকায় জয়তুন টের পায় নি। ‘বা-জান‘ এবারে ডুকরে ওঠে সে। এক সময় ছেলের হাত ধরে আস্তে আস্তে ঘরে ফেরে সে।

আবার… ঢাকায় সায়েদাবাদের মেসে ফেরার সময় হলো।

ব্যাগ বস্তা নিয়ে ছেলের হাত ধরে লঞ্চে বসে থাকে জয়তুন। পাশের বুড়ি বয়সের এক জনের সাথে আলাপ জমে তার। ‘ডাহা শহর হইলো মোগো হাশরখানা। ঐহানে না-ওডলে মোগো বিচার শ্যাষ অইবে না, মা’– পান এগিয়ে দিতে দিতে বলে ঐ বুড়ি। জয়তুন হাত বাড়িয়ে নেয়। বুড়ি বলে, ‘এক শ বারের বেশী অইলো এই লঞ্চে চইররে ডাহায় আই আর যাই। আওয়ারও শ্যাষ অয় না আর যাওয়ারও শ্যাষ অয় না।’

বুড়ির কথাগুলো জয়তুনের বুকে কোথায় যেন সুইয়ের মত বেধে। ভাষা হারিয়ে ফেলে সে। ভাবে– আমরা কি শুধুই এ ভাবে আসা যাওয়া করি? জীবন সুখের হোক আর দুখের হোক–আসা যাওয়া ছাড়া আর কী? এর শেষ নেই? প্রথম যে-দিন বকুলের মায়ের সাথে লঞ্চে উঠেছিল সে স্মৃতি এবার মনে পড়ে তার। মনটা খুব উদাস লাগে।

জয়তুনের মাথাটা ঘুরছে যেন। এর মাঝেই স্বামী করিমের মুখচ্ছবি ভেসে আসে তার অন্তরে। করিমের মুখাবয়ব একেবারেই দুনিয়ার সাধারণ মানুষের মতই লাগছে। সেখানে তার আশেপাশে হিরা জহরতের মত কিছু দেখা যাচ্ছে না।

জয়তুনের কী সব অদ্ভুত ধারণা হতে থাকল– এত আসা যাওয়া, দুনিয়ায় হোক আর বেহেশতেই হোক– তা থেকে মুক্তির যদি একটা উপায় থাকত! বিয়েটা তার কাছে হঠাৎ মনে হলো– নিছক একটা মাখামাখি, মাতামাতি। কিছু ছেলে-পুলে কিংবা মায়ার বন্ধন। যদি এ বন্ধন ছেঁড়া যেত! এ জ্বালা যদি জুড়ানো যেত! যদি নেভানো যেত, ছিঁড়ে ছুঁড়ে ফেলা যেত! নির্বাণ হত!

এবার আকস্মিকভাবে দুনিয়ার জ্বালা আর বেহেশতের খেলা জয়তুনের কাছে একই রকম মনে হতে লাগলো…

বোকার ভাবনা

“আমি মুক্ত!, আমি স্বাধীন!” আসলেই কি তাই?

আমি কি মুক্তির স্বাদ নিতে পেরেছি?

আমি স্বাধীন হতে চাই,

আমি জাত-ধর্ম-বর্ণ ভেদাভেদ থেকে মুক্তি চাই,

কিন্তু এ সমাজ আমাকে কি সেই সুযোগ দিচ্ছে?

আমি যে চাই নিজেকে নিয়ে ভাবতে, আত্মকেন্দ্রিক হতে,

“আমি কে?” তা গবেষণা করতে,

সৃষ্টি-রহস্য ভেদ করে স্রষ্টার মাঝে ডুবে থাকতে।

আমি যে স্বাধীন হতে চাই; দুনিয়ার মায়া-বন্ধনের জালে জড়াতে নয়!

সত্যিই কি আমি তা করতে পারছি? এ সমাজই কি আমাকে সেই সুযোগ দিচ্ছে?

আমার অধিকার রয়েছে আত্মপরিচয় জানার, কিন্তু এ সমাজ কি আমাকে ‘আত্মকেন্দ্রিক’ হতে দিচ্ছে?

কখনো কি ভেবেছি, আমি কেন এই ধরায় এসেছি?

আমার আসার কি কোনো উদ্দেশ্য ছিল?

কে আমাকে পাঠিয়েছেন? কেনইবা পাঠিয়েছেন?

কি সেই রহস্য যে স্রষ্টা আমাকে বানালেন আর পাঠিয়ে দিলেন এই ধরায়?

আমি কি কারো কছে অঙ্গীকার করে এসেছিলাম, যা পূরন করতে ব্যার্থ হচ্ছি?

সত্যি করে বলতে, আমি কি জানি আমি আসলে কে?

কে আমি? কি আমার পরিচয়? আমি কি কখনো আমাকে দেখেছি?

বাহিরটি নয়, ভিতরটি—

বাহিরটি দেখতেও যে বস্তুর (আয়নার) সাহায্য নিতে হয়!

আমার ভেতরের আমি কে সে?

জানি না! কখনো জানার চেষ্টাই যে করি নি!!

তবে কেন করিনি?

নাকি আমাকে সেই চেষ্টা করতে দেওয়া হয় নি?

এ সমাজ কি আমাকে সেই সুযোগটুকু দিয়েছে?

নিজেদের মস্ত-বড় পন্ডিত বলে পরিচয় দেই!

বলি আমি সবার রাজা! অনেক ক্ষমতা আমার!!

আচ্ছা মৃত্যুর চেয়েও কি আমরা অনেক ক্ষমতাবান?

তা ছাড় একটু অসুস্থ হলেই তো হাউমাউ করে কেঁদে উঠি।

তখন যায় কোথায় আমাদের ক্ষমতা?

এই যে ‘আমার’, ‘আমার’ করি; আসলে ‘আমার’ কি আছে, যেটা সত্যই আমার?

এই দেহ; প্রাণ-ই তো আমার নয়, তবে ‘আমার’ কি আছে, যা সত্যই আমার?

এই যে বলি খুব মিষ্টি করে; বলতে ভালই লাগে–

“প্রয়োজনে স্রস্টার জন্য প্রাণ উৎসর্গ করবো, স্রস্টাকে সবকিছু উজাড় করে দিব।”

স্রস্টার জন্য প্রাণ উৎসর্গ করবো; সেই প্রাণের মালিক তো আমি নই;

তবে এমন কি আছে যা সত্যই আমার– যে স্রষ্টাকে দিব?

ফুল দিয়ে তাঁর পূজো করবো, টাকা দিয়ে উপাসনালয় গড়বো, মাটি, পানি, বায়ু-–

আমার কি আছে, যা তাঁকে দিব? এগুলো যে সব তাঁর-ই!

আচ্ছা মরার পরে কোথায় যাবো? কার কাছে যাব?

যার কাছে যাবো তাঁকে কি চিনি বা জানি? দেখেছি কি কখনো?

যার কাছে যাবো তাঁকে কি বলব? কি নিয়ে যাবো তাঁর কাছে?

কি আছে আমার যে তাঁকে দিব? সবই যে তাঁর!

সব যদি তাঁরই তাহলে ‘আমার’, ‘আমার’ বলে চিল্লালাম যে এতোদিন!

ভেবেছি কি কখনো?

ভাবিনি! — কেন ভাবিনি?

মৃত্যু তো পরের কথা, এ তো সুদূর ব্যাপার– তা ছাড়া;

বেঁচে থেকেই এখন কি করছি?

নিজেকে কি এতোটুকু রূপান্তর করতে পেরেছি?

‘পরিবর্তন!’–

যুগ হয়েছে পরিবর্তন, কিন্তু তার স্বভাব?

এখনো কেন করি ভেদাভেদ?

অতীতে ছিল রাজা আর প্রজা–

আজ তো কেবল নাম আর ধরন বদলেছে,

কিন্তু পরিবর্তন কি সত্যিই এসেছে?

কেন এই ধনী-গরিব, ধর্ম-বর্ণ ভেদাভেদ?

কোথায় পালিয়েছে ‘মনুষ্যত্ব’,’একত্ব’ আর ‘সমত্ব’?

পালিয়েছে নাকি তারিয়ে দিয়েছি?

রেগে যাচ্ছ নাকি?-

যুগ তো পরিবর্তন হয়েছে, আরেহ আমরাই তো করেছি।

কিন্তু আমি কি এই ‘আমাকে’ পরিবর্তন করতে পেরেছি?

পারি নি? –পেরেছি?

হ্যাঁ করতে পেরেছি–!!

বাহির করেছি পরিপাটি কিন্তু অন্তুরমুখির এ কি দুরবস্থা!

দেখেছি কি কখনো?

আমি না ধার্মিক? হ্যাঁ নিজেকে তাই বলেই-তো ভাবি!

যখন প্রার্থনা করি বা কাউকে সাহায্য করি তখন ভাবি স্রষ্টা দেখছেন!

অথচ যখন অন্যায় করি তখন কি করে ভুলে যাই যে স্রষ্টা তখনও দেখছেন?

আমি কি করছি তা কি আমি জানি?

যা করছি- তা কেন করছি তা কি আমি বুঝি?

আমি কি জেগে আছি; নাকি জেগে থেকেও ঘুমন্ত?

আমি কি ‘আত্মসচেতন’ হতে পেরেছি?

আমি কি সত্যিই স্বাধীন হতে পেরেছি?

এ জীবন আমার অথচ চলছে সমাজের নিয়মে; যেখানে চলার কথা স্রষ্টার নিয়মে।

স্রষ্টার দেওয়া আইন-বিধান পাশে রেখে-

মানবসৃষ্ট নিয়ম-কানুন প্রতিষ্ঠা করায় আজ সমাজ অধপতনের দিকে নয় কি?

আমারা কি সমাজের সিস্টেমের মধ্যে বন্ধী নই?

এই সিস্টেম থেকে মুক্তি পেতে অন্যত্র আশ্রয় পাবো কি?

আমি না চাইলেও আমাকে মানবসৃষ্ট বিদ্যালয়ে যেতেই হবে,

কাজ করতেই হবে, সংসারের জালে আটকে থাকতেই হবে।

হ্যাঁ এমন সমাজেই আমরা আছি; যেটা একটা ‘সিস্টেমের বন্দিশালা’!

আমি না চাইলেও আমাকে ‘সিস্টেম’ মানতেই হবে;

তবে কি আমরা সিস্টেমের দাস হয়ে যাচ্ছি না?

তবে যে বলি, আমরা কেবল স্রষ্টার দাস!

তবে কি তা কেবল মিথ্যা আওড়ানো?

আমরা কি ভ্রমের মধ্যে থেকে এতকিছু সয়ে যাচ্ছি?

নাকি আমাদেরকে ভ্রমনাশক অ্যালকোহল গেলানো হচ্ছে?

নাকি আমরাই ভোগী হয়ে যাচ্ছি এবং দাস হয়ে যাচ্ছি বস্তুবাদের?

আচ্ছা– আমাদেরকে কেউ ভোগ করতে বাধ্য করছে না তো?

আমরা কি কোনো ফাঁদের মধ্যে আছি, কুয়োর ব্যাঙের মতো?

আচ্ছা পৃথিবী কি কারো ব্যাক্তিগত সম্পদ?

আমার অধিকার রয়েছে পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার-

তাহলে কে আমার অধিকার হরণ করলো?

মানুষ যদি স্বাধীন- তবে পাসপোর্ট কি জন্য তৈরি করা হলো?

পশু-পাখির তো পাসপোর্টের প্রয়োজন হয় না!

তবে আমরা কি রাষ্ট্র নামক বন্দীশালায় বন্দি?

মানবতার কথা বলো–

মানুষের যে অধিকার রয়েছে স্রষ্টার সৃষ্টিতে স্বাধীনভাবে বিচরণ করা!

তা কে বা কারা কিসের লোভে হরণ করে নিল?

আমাকে কে বা কারা কিসের ভয়ে ‘নাগরিক’ নামক দাস বানালো?

‘নাগরিক’– সে তো দাস!

রাষ্ট্রের দাস, সমাজের সিষ্টেমের দাস!!

তাই নয় কি?

আচ্ছা রাষ্ট্রের প্রয়োজন কার জন্য?

কিসের প্রয়োজনে তৈরি হলো বর্ডার?

পৃথিবীর কোথাও স্রষ্টার জায়গা-জমি বলতে কিছু বাকি আছে কি?

“স্রষ্টানীতি” কে বা কারা বাদ দিল?—

মানবতার নামে যে রাজনীতি-কুটনীতি চলছে বিশ্ব জুড়ে–

তা থেকে অদ্যও মুক্তি পাব কি?

আমারা বিশ্ব মানচিত্র থেকে সব দাগ মুছে দিচ্ছি না কেন?

কি প্রয়োজন আছে সেই দাগের?

কি প্রয়োজন আছে পাসপোর্টের?

কোন প্রয়োজনে এতো রাষ্ট্র সৃষ্টির?

ঐক্য হলে সকল মানুষ-

আর কি প্রয়োজন পরবে রাষ্ট্র, পাসপোর্ট, সেনাবাহিনীর?

বন্ধু হলে সবাই– তবেই-না যুদ্ধ থামবে!

রাষ্ট্র সৃষ্টি করা মানেই– শত্রু তৈরি করা নয় কি?

এত দিনে বুঝলাম–

ধর্ম, বর্ণ এবং জাত এই তিন কানাকে নিয়েই যত কোলাহল!

তুমি মুসলিম কিংবা হিন্দু; বৌদ্ধ কিংবা খ্রিস্টান;

যা বলেই দাবী কর-না কেন–-

এ যে তোমার বাপ-দাদার ধর্ম!

তোমার বাপ-দাদা যেই ধর্মের লোক ছিলেন–

সেই ধর্মই তুমি অজ্ঞানে গ্রহণ করেছ মাত্র;

তাই নয় কি?

রেগে যাচ্ছ?–

আচ্ছা ধার্মিক বড় নাকি মানুষ?

ধর্মের জন্য মানুষ নাকি মানুষের জন্য ধর্ম?

মানুষ সেই– যার মনুষ্যত্ব রয়েছে!

মানুষ কি কখনো ধর্ম, বর্ণ, জাত নিয়ে মারামারি করতে পারে?

ধর্ম, বর্ণ, জাত–

এই তিন কানাকে বন্দি করবে কে?

কবে আসবেন সেই বীরপুরুষ?–

যে এই তিন কানাকে সঠিক পথ দেখাবেন।

মানুষের কাছে এখন সত্যের চেয়ে শাস্ত্র বড়!

যার কাছে শাস্ত্র– সত্যের চেয়ে বেশি গুরুত্ব পায়;

তাকে ‘সত্যের পথিক’ বানাবে কে?

শান্তির নামে অশান্তি; যেখানে সবই মিথ্যা–

সেখানে কোনো এক মিথ্যাকে সত্য বলে মেনে নিলেই হলো?

আমরা দুনিয়া বা বস্তুর প্রতি দুর্বল নই কি?–

এই যে এতো যন্ত্রণা ভোগ করি, তার জন্য আমরাই দ্বায়ি নই কি?

নাকি যন্ত্রণায় বসবাস করেও বুঝি না কেন আছি যন্ত্রণায়?

এর থেকে “মুক্তি” পাবার উপায় আছে কি?

‘মুক্তি’ — ‘মুক্তি’ যে এখন নিজেই বন্দি!

তাহলে উপায়! — উপায়ও নিশ্চয়ই আছে।

সেটা বের করার দায়িত্ব কার?

আমার? না… আমাদের?

যেদিন মানুষ তার “আধ্যাত্মিক” অধিকার সম্পর্কে সচেতন হবে;

আধ্যাত্মিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন করবে–

নিজেকে পাঠ করে “আত্মসচেতন” হবে;

সেদিনই তার বোধে আসবে সত্য-মিথ্যার পার্থক্য।

নিজেকে চিনবে, জানবে— জানবে স্রষ্টাকে!

সেইদিন হয়তো সে বুঝবে এখন আমাকে “মুক্ত” হতেই হবে।

ধারাবাহিকতায়– একটা সময় সে বলবে– “আমি এখন মুক্ত।”

কোরান দর্শন ১ম খণ্ডের ভূমিকা

ভূমিকা

কোরানের বাচনভঙ্গির যে কাব্যিক ধারা তাহা অনুবাদে যথাসম্ভব রক্ষা করতে চেষ্টা করা হইয়াছে। ইহার ফলে অনুবাদ সুখপাঠ্য হয় নাই। কথার যর্থাথতা রক্ষা করবিার চেষ্টা করা হইয়াছে। কোরানুল হাকীমের অনেক কথাই মূলত: রূপক করিয়া ব্যবহার করা হইয়াছে। রূপক অর্থ বুঝিয়া পাঠ করিবার চেষ্টা করিলে ইহার গভীর জীবনদর্শন উপলব্ধি করা যাইবে এবং মনের সৌন্দর্যবোধের উৎকর্ষ লাভ হইবে। কোরান জীবন বিধান নয় l ইহা একটি পূর্নাঙ্গ জীবন দর্শন l সালাত এই দর্শন জ্ঞানের মূল উৎস l ইহার দর্শনে  যিনি পরিপক্ক তিনি যখন যে বিধান যাহাকে দান করিবেন তাহাই তখন তাহার জন্য কোরানের বিধান। বিধান পরিবর্তনশীল কিন্তু দর্শন অপরিবর্তনীয় ।

গুরুকেন্দ্রিক সালাতের আত্মিক অনুশীলনের কথা কোরানে সর্বত্র পরিব্যক্ত আছে। সালাত প্রক্রিয়ার সাহায্যে জন্মান্তরবাদের পরিচয় জ্ঞান পরিস্ফুট হইয়া উঠে এবং বিষয়- দর্শনের উপর জ্ঞানচক্ষু উদিত বা উন্মীলিত হয়। এই সকল কথা কোরানে সর্বত্র থাকা সত্ত্বে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করিলে কোরানের কোন দর্শনই উপলব্ধি করা সম্ভব নয় ।  বস্তুবাদী অর্থের মধ্যে অসংখ্য আত্মবিরোধী ভাব এবং গরমিল বিদ্যমান । আল-কোরানের  শতাধিক বিশিষ্ট শব্দের সংঙ্গা না জানিলে কোরানের দর্শন অনুধাবন করা সম্ভব নয়।  বাংলা ভাষায় আরবী ’আল’ শব্দের কোন একটি নির্দিষ্ট  প্রতিশব্দ নাই। তাই আমরা কোরানের বঙ্গানুবাদে আল (THE) শব্দটিকে অধিকাংশ ক্ষেত্রে বিশেষ, বিশিষ্ট, প্রতিষ্ঠিত এই কয়টি শব্দ দ্বারা প্রকাশ করিয়াছি । ’মদ’ এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয়। অনুবাদের জটিলতা এড়াইবার জন্য মদের অর্থ  কদাচিত ভাষায় বর্ণিত হইয়াছে। বিজ্ঞ পাঠককে অনুরোধ করা যাইতেছে, তিনি যেন মদসমূহের অর্থের সঙ্গে যোগ রাখিয়া মদের অপ্রকাশিত অংশের  ভাবগাম্ভীর্য অনুধাবন করিতে প্রয়াস পান।

কোরানের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার যে অভিযোগ রহিয়াছে তাহা নিতান্ত অমূলক ,এই পুস্তকে তাহার উত্তর সন্ধান করা যাইতে পারে সকল পাঠকের প্রতি শুভেচ্ছা রহিল।

রসুলুল্লাহর সকল সুন্নার সার-সংক্ষেপ

রসুলাল্লাহর সকল সুন্নার সার-সংক্ষেপ কি? ইহা মাওলা আলী (আ.) কর্তৃক জিজ্ঞাসিত হইলে নিম্নলিখিত হাদিসটি রসুলাল্লাহ কর্তৃক বর্ণিত হয়। মিশরের মোহাম্মদ হোসেন হাইকল-এর লিখিত Life of Muhammad নামক পুস্তক হইতে উদ্ধৃত করা হইল:

১. মারেফাত আমার মূলধন। Wisdom is my capital.

২. যুক্তি আমার ধর্মের শক্তি। Reason the force of my religion.

৩. প্রেম আমার ভিত্তি। Love my foundation.

৪. আকাঙ্খা আমার বাহন। Longing is vehicle.

৫. আল্লাহর জিকির আমার স্থায়ী আনন্দ। The remembrance of Allah (Zikrillah) my constant pleasure.

৬. একিন আমার ধনভাণ্ডার। Trust (Eqin) my treasure.

৭. জ্ঞান আমার হাতিয়ার। Knowledge (Alem) my arm.

৮. ধৈর্য আমার অলঙ্কার। Patience my robe (Zinat)

৯. সন্তোষ আমার জেহাদলব্ধ সম্পদ। Contentment my booty.

১০. নিঃস্বতা আমার গৌরব। Poverty my pride.

১১. সন্ন্যাস আমার পেশা। Asceticism (রোহবানিয়াত) my profession.

১২. সঠিক সিদ্ধান্ত আমার শক্তি। Conviction my Strength.

১৩. সত্যবাদিতা আমার মধ্যস্থতাকারী। Truthfulness my intercessor.

১৪. বাধ্যতা আমার যুক্তিপ্রণালী। Obedience my argument.

১৫. জেহাদ আমার নীতিবিজ্ঞান। Zehad my ethics.

১৬. সালাত (বা ধ্যান) আমার পরম আনন্দ। Mediation my supreme pleasure.

১৭. দুঃখের বিলাপ আমার চিরসাথী। Mourning my companion.

হাদিসটির ব্যাখ্যা

উপরে উল্লিখিত হাদিসটি রসুলাল্লাহর সকল হাদিস এবং সুন্নার সংক্ষিপ্ত সারকথা। ইহাতে ১৭টি কথার উল্লেখ আছে। প্রথম কথা হইল:

১. মারেফাত আমার মূলধন। ‘মারেফাত’ অর্থ দর্শন বা জ্ঞান। ইহার অপর নাম সালাত। সপ্ত ইন্দ্রিয় দ্বারের মাধ্যমে যাহা কিছু আমাদের অস্তিত্বের মধ্যে প্রবেশ করে তাহা এক এক করিয়া দর্শন করিলে অর্থাৎ দৃশ্য, শব্দ, গন্ধ, স্পর্শ ইত্যাদি সঠিক দর্শন করিলে উহা হইতে যে মারেফাত বা জ্ঞান উৎপন্ন হয় উহাই মানুষের মূলধন। যে যতটুকু সালাতের গভীরে যাইতে পারে তাহার মূলধন তত বেশী।

২. ‘যুক্তি আমার ধর্মের শক্তি’। ধর্মসমূহকে গ্রহণ ও বর্জন বিষয়ে মানুষ স্বভাবত অত্যন্ত দূর্বল। যুক্তিযুক্তভাবে ধর্মসমূহকে গ্রহণ ও বর্জন করিতে না শিখিলে ধর্মগুলি সংস্কাররুপে মানুষকে বন্দি করিয়া দুর্বল করিয়া ফেলে। যুক্তির সহিত যথাযথভাবে ধর্মরাশির মোকাবেলা করিলে ইহা হইতে আত্মিক মহাশক্তি অর্জন করা যায়। এই যুক্তি সম্যক গুরুর নিকট হইতে শিক্ষণীয়।

৩. ‘প্রেম আমার ভিত্তি’। বিশ্বসৃষ্টির মূলভিত্তি প্রেম। সুতরাং আল্লাহ-রসুলের সকল কর্মকাণ্ড প্রেমকে কেন্দ্র করিয়াই চলিতেছে। প্রেমহীন জীবন পশুর জীবন হইতেও হীন। আল্লাহ ও তাঁহার রসুলগণ মানুষকে তাঁহাদের প্রতি আকৃষ্ট করিয়া তাঁহাদিগকে প্রেম করিতে শিক্ষা দেন, যে প্রেম মানুষকে ক্রমশ উন্নত করিয়া আল্লাহর নৈকট্য দান করিয়া থাকে। ঊর্ধমুখী প্রেম ইনসানকে পরম উন্নতি দান করে আর নিম্নমুখী প্রেম স্নেহরূপে প্রকাশিত হইয়া নিম্ন পর্যায়ের লোকদিগকে উন্নতির দিকে ধাবিত করে। প্রেমহীন জগৎ মনুষ্য বাসের যোগ্য নহে। সুতরাং প্রেম মহানবীর ভিত্তি।

৪. আকাঙ্খা আমার বাহন। জীবজগতে যে যাহা একান্তভাবে আকাঙ্খা করে সে তাহাই পায়। চাহিদার এই ভিত্তির উপরই জীবজগতের আবর্তন ও বিবর্তন চলিতেছে, এই কথা কোরানে বহুরূপে বহুবার উল্লিখিত আছে। সুতরাং আমাদের জন্য রসুলের শিক্ষা হইল আকাঙ্খাকে বাহন করিয়াই পরম উন্নতির দিকে অগ্রসর হইতে হইবে। ইহা অতি মুল্যবান একটি সুন্নাত।

৫. উল্লিখিত আকাঙ্খাকে সার্থকরূপে কার্যকর করিতে চাহিলে আল্লাহর স্মরণ ও সংযোগক্রিয়া আনন্দের সহিত পালন করিতে হইবে। যাহারা সদা সর্বদা জিকিরের আনন্দে অর্থাৎ আল্লাহর স্মরণ ও সংযোগের আনন্দে থাকেন তাহারাই মুক্তির পথে কামিয়াব হইয়া থাকেন।

৬. একিন অর্থ আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকিলে কোনও কাজেই মানুষ সফলতা অর্জন করিতে পারে না। একিন তিন পর্যায়ভুক্ত : প্রথমত এলমুল একিন, তারপর আইনাল একিন, পরিশেষে হাককুল একিন।

৭. এখানে Knowledge বা Awareness অর্থাৎ জ্ঞান বা সজাগতা বা জানা বলা হয়েছে হাতিয়ার বা বাহুবল। এখানে রসুলাল্লাহ আরবি শব্দ কি ব্যবহার করিয়াছেন তাহা জানা নাই বিধায় হাতিয়ার এবং বাহুবল উভয় অর্থে প্রকাশ করিলাম।

সেই সকল ধর্মরাশি বা বিষয়বস্তু অবিরামভাবে আমাদের ইন্দ্রিয় দ্বার দিয়া প্রবেশ করিতেছে সেইগুলির প্রত্যেকটি সম্বন্ধে অবগত বা জাগ্রত থাকিলে উহা হইতে মানসিক শক্তি উৎপন্ন হয়। এই দর্শনক্রিয়া একটি মৌলিক অস্ত্র যাহা দ্বারা সকল মিথ্যা ও শেরেক অতিক্রম করিয়া শুদ্ধি লাভের পথ প্রতিষ্ঠিত করা যায়। রসুলের সুন্নার ইহা একটি ব্যাপক ও বিরাট বিষয়, যদিও ইহা সমাজে প্রচ্ছন্ন বা অস্পষ্ট রহিয়াছে।

৮. ‘ধৈর্য আমার অলঙ্কার (বা পোশাক)’। এইখানে তিনি পোশাক বলিয়াছেন না অলঙ্কার বলিয়াছেন তাহা নির্ণয় করিতে পারিলাম না। অবশ্য উভয়প্রকার রূপই সম্যকভাবে প্রযোজ্য। ধৈর্য ব্যতিত মহত্ব অর্জন করা সম্ভব নহে। ধৈর্যগুণ মহাগুণ। ইহার সাহায্যে অসম্ভবও সম্ভবপর হইয়া উঠে। ধৈর্য ব্যতিত ধর্মের সঠিক নিয়ন্ত্রণ সম্ভব হয় না।

৯. অল্পে তুষ্ট হওয়া বিষয়টি মনের জন্য সহজসাধ্য বিষয় নহে। মনের এই সন্তোষ অর্জন করিতে হয় ‘জেহাদে আকবর’-এর সাহায্যে। সন্তোষ মনের বিশ্রামপ্রাপ্ত শান্ত অবস্থা। বস্তুমোহের শিরিক মাখানো অবস্থাসমূহ হইতে মানসিক জেহাদের মাধ্যমে মন বিষয় হইতে বিষয়ান্তরে ছুটাছুটি করা ত্যাগ করে এবং মহাস্থির শান্ত অবস্থা অর্জন করে। এইরূপ স্থিরতা জেহাদলব্ধ মহাসম্পদ। শিরিকহীন এই অবস্থা জন্মচক্র হইতে মুক্ত।

১০. ‘নিঃস্বতা আমার গৌরব’। নিঃস্বতা অর্থ মনের মহাশূন্যতা সম্পূর্ণভাবে শিরিকহীন অবস্থা। ধর্ম নিরপেক্ষ অবস্থা। সংস্কার সমূদ্রের উপরে ভাসমান থাকিয়া মনকে বিষয়বস্তুর ঊর্ধে শিরিকমুক্ত রাখিবার গৌরব রহিয়াছে। ইতা ছাড়া গৌরবলাভের দ্বিতীয় আর কোনও বিকল্প নাই। বস্তুজগতে বাস করিয়াও বস্তুমোহ হইতে মন-মস্তিস্ককে একেবারে নিঃস্ব করিয়া তুলিবার মধ্যে সকল গৌরব। মানুষের জন্য এই গৌরব মহানবীর সুন্নতের সকল দিক-নির্দেশনা।

১১. ‘সন্ন্যাস আমার পেশা’। আরবি শব্দটি হইল ‘রোহবানিয়াত’। কোনও একটি পেশা অবলম্বন করিয়া মানুষ যেমন বাঁচিয়া থাকে, তেমনই সন্ন্যাসভাব সিদ্ধপুরুষের একটি পেশা। বস্তুজগতে থাকিয়াও বস্তুমোহ ত্যাগের এই পেশা অবলম্বন ব্যতিত বিষয়বস্তুর শিরিক হইতে মুক্ত হওয়া যায় না। পেশা হইতে জগৎবাসী যেমন জীবিকা অর্জন করিয়া থাকে তদ্রুপ সাধক-জীবনের জীবিকা সন্ন্যাস হইতে অর্জিত হয়।

১২. শিরিক হইতে মহাশূন্যভাবে থাকিলে তাহা হইতে যে সিদ্ধান্ত আসে তাহা হয় নির্ভুল এবং শক্তিশালী। আত্মিক শক্তি আসল শক্তি। ইহা মুক্তিপথের দিশারী। শিরিকহীন মন হইতে সঠিক সিদ্ধান্ত বা দৃঢ় বিশ্বাস উদয় হইয়া থাকে। ইহাই মানুষের মৌলিক শক্তি।

১৩. ‘সত্যবাদিতা আমার মধ্যস্থতাকারী’, অর্থাৎ সাহায্যকারী। শিরিকের মধ্যে সত্যবাদিতা নাই। বস্তুবাদী মানুষ শিরিকের মধ্যে বস্তুগত সাহায্য খুঁজিয়া পায়। প্রকৃতপক্ষে উহা অর্থাৎ বস্তুগত সাহায্য সত্তায় মুক্তির সহায়ক নহে। বরং সত্যবাদিতা রহিয়াছে লা-শরিক অবস্থায়। অর্থাৎ মহাশূন্যবাভের মধ্যেই সত্য রহিয়াছে এবং উহাই মুক্তিপথের সহায়ক।

১৪. রক্তমাংসের সত্তা হইয়াও বৈষয়িক বিষয়ে মহাপুরুষের নিজস্ব কোনও যুক্তি নাই। যাহা আছে তাহার সকল যুক্তিই উচ্চতম কর্তার প্রতি আনুগত্য হইতে হইয়া থাকে। রসুলাল্লাহ মহাপুরুষদের প্রতিনিধি হিসাবে এই কথাই প্রকাশ করিতেছেন। Though with flesh and blood I have no argument of my own in this humdrum world. All my arguments come from my obedience to Highest Authority.

১৫. ‘জেহাদ করিতে থাক’ ইহাই রাসুলের মূলনীতি। এই জেহাদ প্রধানত মানসিক জেহাদ। সামাজিক প্রয়োজনে ইহা সম্যক নেতার নির্দেশমত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি প্রয়োগ। সুতরাং জেহাদ সর্বদাই কল্যাণমুখী, কোনও অবস্থাতেই হিংসাত্মক নহে।

১৬. সালাতের মাধ্যমেই সাধক সিদ্ধিলাভ করে। তাই সালাত বিষয়টি তার নিত্যানন্দের বিষয়। বস্তুর মোহে সংযুক্ত আনন্দ ক্ষণস্থায়ী বা অনিত্য। সালাত সাধককে শিরিকমুক্ত করিয়া অনিত্যতা হইতে নিত্যতায় পৌঁছাইয়া দেয়। সালাত সার্বক্ষণিক, ইহা সর্ব অবস্থায় এবং সর্ব কর্মে প্রযোজ্য, ধ্যানভিত্তিক সাধনা। সার্বক্ষণিক সালাত যে করে তাঁহাকে মুসুল্লি বলে। মুসুল্লি শেরেকমুক্ত অবস্থায় থাকিবার কারণে নিত্যানন্দ উপভোগ করে।

১৭. চরম পরম মোহাম্মদরূপে অর্থাৎ নূর মোহাম্মদরূপে তিনি প্রতিটি ব্যক্তিসত্তার মধ্যে বিদ্যমান আছেন। ব্যক্তির শিরিকযুক্ত কর্মকাণ্ডের কারণে তিনি আচ্ছাদনে পড়িয়া আছেন, জাগ্রত হইতে পারিতেছেন না। ইহাই তাঁহার দুঃখের বিলাপস্বরূপ ব্যক্ত হইয়াছে। আসলে দুঃখটা ব্যক্তিসত্তার। ব্যক্তিসত্তার এই দুঃখের সহিত তিনি চিরসাথীরূপে বর্তমান। জাগ্রত সত্তারূপে রসুলাল্লাহ জিন ও ইনসানের পক্ষ হইয়া এই বিলাপ প্রকাশ করিতেছেন।

একাকীত্ব প্রসঙ্গে ওশো

আমরা সবাই একা। এই পুরো পৃথিবীটা অধিক জনসংখ্যায় হয়তো উপচে পড়ছে কিন্তু তা সত্ত্বেও প্রতিটি মানুষ এখানে একা। এমনকি খুব ভিড়ের মাঝে থেকেও তুমি একা। এই একাকীত্ব অসহ্যকর এবং আমি জানি যে তুমি এ থেকে মুক্তি পেতে চাও। তাই তুমি অহেতুক সম্পর্ক তৈরি করো যেন নিজেকে আর নিজের একাকীত্বকে ভুলে থাকতে পারো। অন্তত কিছু সময়ের জন্য হলেও তোমার মনে হয় তুমি একা নও।

‘‘মানুষ দারুনভাবে একা”। এই একাকীত্বকে সঙ্গী করে তুমি কেবল দুটি কাজই করতে পারো: হয় তুমি তোমার নিজের মনের মতন একটা দুনিয়া তৈরি করতে পারো, অথবা তুমি সন্ন্যাসজীবনে প্রবেশ করতে পারো। নিজের মনের মতন দুনিয়া তৈরির অর্থ হলো নানাবিধ সম্পর্ক তৈরি করা যেন তা একাকীত্বকে ভুলিয়ে দেয়। এবং সন্ন্যাসজীবনে প্রবেশের অর্থ হলো এই একাকীত্বকে গ্রহণ করতে পারা এই অর্থে যে এটাই তোমার প্রকৃতি। এর থেকে দূরে ভাগার চেষ্টা করো না, একে এড়িয়ে চলো না, একে গ্রহণ করো, আলিঙ্গন করো। এটাই তোমার প্রকৃতি। এর থেকে পালিয়ে তুমি কোথাও যেতে পারবে না। তুমি তোমার অসংখ্য জীবনে এই কাণ্ড করেছ এবং ব্যর্থ হয়েছ। ব্যর্থতা ছাড়া এই ক্ষেত্রে তোমার আর কোনো অর্জনই নেই। সন্ন্যাস অর্থ হলো এমন একজন যিনি তার একাকীত্বকে গ্রহণ করতে পেরেছেন। এখন তিনি শিস বাজান না, গান করেন না, কোনো সম্পর্কেও জড়ান না। এখন তিনি নিজের প্রতি সম্পূর্ণরূপে তুষ্ট।

এই ব্যাপারটা লক্ষ্য করো, তুমি যদি নিজের থেকে পালাতে চেয়ে দৌড়ানো শুরু করো তবে সে দৌড়ের আর শেষ নেই। এবং ততটাই তুমি একাকীত্বের ভয়ে কাবু হয়ে যেতে থাকবে। আর যত তুমি নিজেকে গ্রহণ করতে শিখবে দেখবে যে সেখানে একাকীত্ব নেই, বরং একটা একাকী ভাব রয়েছে। একাকীত্ব এবং একাকী ভাবের মাঝে একটি বিশেষ পার্থক্য আছে। একাকীত্ব মানে হলো সেখানে তুমি অন্য কারো উপস্থিতির প্রয়োজন বোধ করছ। একাকী ভাবের অর্থ হলো, ‘এক’ এর সাথে সংযুক্ত থাকাটায় যখন যথেষ্ট। একাকীত্ব যন্ত্রণাদায়ক কিন্তু একাকী ভাব পরমানন্দের। যখন শংকর বলছেন যে তিনি একা, তখন তিনি নিজের সাথে সংযুক্ত। কিন্তু যখন তুমি বলছ তুমি একা, তখন আসলে তুমি একাকীত্বকে বোঝাচ্ছ।

একাকীত্ব মানে অন্যের উপস্থিতির জন্য আকুলতা আর একাকী ভাব হলো নিজের সংস্পর্শে আনন্দে থাকা। এই একাকী ভাবে তুমি আসলে তোমার নিজের প্রেমে পড়েছ। ধ্যানের অর্থই হলো নিজের প্রেমে পড়া। ধ্যানের অর্থ হলো নিজের সাথে এমন এক সম্পর্ক স্থাপন করা যে সেখানে অন্যের সাথে সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনই পড়ে না। ধ্যানের অর্থ হলো নিজের মাঝেই পূর্ণতা বোধের প্রাপ্তি। তোমার জগত, সামগ্রিক জগতটা তখন তোমার মাঝে। এখানে আর কোনো খামতি নেই। তুমি সম্পূর্ণ, তুমি সমগ্র, তুমি স্বর্গীয়, তোমার আর কোথাও যাওয়ার দরকারই নেই। এই অভ্যন্তরীণ হালটাকেই বলে ‘সন্ন্যাস’।

আমরা আমাদের আশেপাশে এই বিশাল জগত তৈরি করে নিয়েছি কারণ একাকীত্ব আমাদের দারুনভাবে আহত করে। এই একাকীত্বের শূণ্যতাকে আমরা টাকা দিয়ে, বন্ধুত্ব দিয়ে, পরিবার দিয়ে, ধর্ম দিয়ে, জাতপাত দিয়ে, রাষ্ট্র দিয়ে পূরণ করার চেষ্টা করি। কিন্তু একে ক্ষতস্থান হিসেবে চিহ্নিত করাটাই ভুল, এ কোনো ক্ষত নয়।

গত রাতে একজন সন্ন্যাস আমার কাছে এসে বলল যে ধ্যান শুরু করার পর থেকে তার হৃদয়ের মৃত্যু ঘটেছে। কোনোরকম সম্পর্ক স্থাপনের কোনো ইচ্ছে তার জাগ্রত হয় না, নারী পুরুষের প্রেমভাব না এমনকি বন্ধুর জন্যেও কোনো ইচ্ছে তার জাগ্রত হয় না। সে খুব দুঃখী ছিলো… কেননা সে পশ্চিমা দেশ থেকে আসা এবং সেখানে এমন ধারণা প্রচলিত আছে যে প্রেমভাব চলে গেলে সেই মানুষের জীবনের আর কোনো অর্থ থাকে না। আবেগ অনুভূতি হারিয়ে গেলে সম্পর্ক ভেঙ্গে যাবে, এবং জীবন তখন নিরর্থক মনে হবে। তাই সে খুব দুঃখী।

প্রাচ্যে আমরা গভীর গবেষণা করেছি। আমরা জেনেছি যে আমরা যদি অখণ্ডরূপে নিজের মাঝে থাকতে পারি তাহলে সমস্ত সম্পর্ক বিলীন হয়ে যায়। এবং এটা একটা সৌভাগ্যের বিষয়, দুঃখ পাওয়ার মতন কোনো ঘটনা এটা নয়। যখন একজন মানুষ নিজের মাঝে থিতু হতে পারে যৌনতা তার ভিতর থেকে উবে যায় এবং অন্যের সাথে সম্পর্ক স্থাপনের যে ইচ্ছে সেটাও মিলিয়ে যায়। কৃতজ্ঞতাবোধের অনুভূতি এত তীব্র হয় যে কারো সাথে সম্পর্ক তৈরির ইচ্ছের আর জায়গা হয় না। সেই মানুষটা আর কারো সাথে সম্পর্ক করার জন্য ভিক্ষুকের মতো ঘুরে মরে না। সে আর এইকথা বলে না যে ”তোমাকে ছাড়া আমি বাঁচবো না”। এখন সে একাই বাঁচতে সক্ষম। এবং যে ব্যক্তি একা বসবাস করতে পারেন তিনিই প্রকৃত অর্থে বেঁচে আছেন! অন্য যেকোনো ধরণের বেঁচে থাকা আসলে একটা ছলনা, একটা মায়া। তুমি যদি একাই থাকতে না পারলে তাহলে তুমি অন্যদের সাথে কিভাবে থাকবে?

তাই আমি সেই অল্পবয়সী সন্ন্যাসীকে বললাম, ‘’তুমি ভয় পেও না, অসুখী বোধ করো না। তোমার বোধের সংজ্ঞাটা এখানে ভুল হয়েছে। পশ্চিমের সংজ্ঞাটা ভুল। আনন্দে থাকো, পরমানন্দে থাকো। তুমি চিন্তাও করতে পারবে না যে কোনো সম্পর্ক করার বোধ যে আর তোমার মাঝে উদয় হয় না তার মানে তুমি কতই না সৌভাগ্যবান।’’

সম্পর্ক তোমাকে কেবলই যন্ত্রণা এবং ক্লেশ দিবে। এটা স্বাভাবিক কেননা যখন দুইটি অসুখী মানুষ একসাথে হচ্ছে তারা কি করে একে অপরকে সুখ দিবে? এইখানে গণিতটা একেবারেই স্পষ্ট: যখন দুজন অসুখী মানুষ একসাথে হয় তাদের অসুখীর পরিমাণ কেবল দ্বিগুণ হয় তা নয়, বরং বহুগুণে বেড়ে যায়। তুমি আরেকজন মানুষের খোঁজ করছ কেননা তুমি সুখী নও। যেহেতু তুমি একা সুখী নও, তাই তুমি অন্যের খোঁজ করছ। অথচ সেই অন্য মানুষটিও সুখী নয়, এবং সেও তোমার মতন একই প্রত্যাশা নিয়ে তোমার দিকে চেয়ে আছে। দুজন অসুখী মানুষ সুখের আশায় একে অন্যের দ্বারস্থ হচ্ছে। কিন্তু তারা সুখ পাচ্ছে না। এটা অসম্ভব কারণ দুজন ভিক্ষুক একে অন্যের কাছে ভিক্ষা করছে কিন্তু তাদের কারো ভিক্ষা দেওয়ার যোগ্যতা নেই। দুজনেই যে ভিক্ষুক! দুজনেই একে অন্যের কাছে প্রত্যাশা করে চলেছে। যখনই তুমি কাউকে ভালোবাসো তুমি প্রত্যাশা করো যেন এর বিনিময়ে সেও তোমাকে ভালোবাসা দেয়। মানুষজন অহরহই আমাকে বলে যে, ‘‘ভালোবাসাতো কেবল দিয়েই গেলাম কিন্তু কিছুইতো পেলাম না’’ কিভাবে তুমি ভালোবাসবে? ভালোবাসা কেবলমাত্র পরমানন্দের উচ্চতর হাল থেকে প্রবাহিত হয়। পরমানন্দের চূড়া থেকে ভালোবাসার নদী বয়ে আসে। তুমি তো সুখী নও, তুমি পরম সুখের ধারে কাছেও নেই, তুমি একজন ভিক্ষুক এবং অন্য মানুষটিও ভিক্ষাবৃত্তি করছে। তোমাদের কারোরই সামর্থ্য নেই একে অন্যকে কিছু দেওয়ার। অথচ তোমরা অপেক্ষা করতে থাকো যদি একটু ভালোবাসা দান-খয়রাতে পাওয়া যায়! যেইনা তোমার অপেক্ষা শুরু হলো তোমার হতাশাও তখন থেকেই শুরু।

যদি একজন মানুষ তার নিজের ভিতর থেকে সুখ না পেতে পারে তাহলে দুনিয়ার কেউ তাকে সুখী করতে পারবে না।

– The Great Transcendence বই থেকে একাংশ বাংলায় সুপ্রভা জুঁই

সাব্বাত পালন ও বানর বিষয়ক উপাখ্যান

সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী রচিত কোরান দর্শন থেকে সূরা বাকারা এর ৬৫-৬৬ নং আয়াত

৬৫। এবং তোমাদের মধ্য হইতে যাহারা সপ্তম দিবসে সীমালঙ্ঘন করিয়াছে নিশ্চয় তোমরা তাহাদিগকে জান। সুতরাং তাহাদিগের জন্য বলিলাম: “অধম বানর হইয়া যাও।

ব্যাখ্যা: যাহারা সপ্তম দিবসের সীমা লংঘন করে তাহারা যে অবশ্য বানর হইয়া যায় অর্থাৎ নিম্নমানের সৃষ্টিতে অধঃপতিত হয় এ বিষয়টি সর্বযুগের বিধান। এ বিধান বনি ইসরাইলগণ অর্থাৎ সর্বযুগের মহামানবগণ স্পষ্টভাবে প্রত্যক্ষ করিয়া থাকেন। সাধারণ মানুষের জন্য ইহা অজ্ঞাত বিষয়।

৬৬। সুতরাং আমরা ইহাকে (অর্থাৎ বানর হইয়া যাওয়ার ঘটনাকে) একটি দৃষ্টান্ত বানাইলাম: এই ঘটনায় উপস্থিত ব্যক্তিগণের জন্য এবং ইহার পরবর্তীদের জন্য। এবং মোত্তাকিদের জন্য একটি ওয়াজ (অর্থাৎ বক্তব্য বা সাবধান বাণী)।

ব্যাখ্যা: বানরে পরিণত করিবার ঘটনা কোন একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ইহা সর্বযুগে ঘটিতেই আছে। সর্বযুগের মোত্তাকিদের জন্য বিষয়টি উল্লেখযোগ্য একটি বক্তব্য। ইহার কারণ কেবল মোত্তাকিগণই এইরুপ অধঃপতন হইতে সাবধানতা অবলম্বন করিয়া থাকে। [দ্রষ্টব্য(৭:১৬৩)]

সূরা আরাফ এর ১৬৪-১৬৬ নং আয়াত

১৬৩। এবং তাহাদিগকে জিজ্ঞাসা কর সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে; যখন তাহারা সাব্বাতে সীমালঙ্ঘন করিত (বা করে) তখন তাহাদের বড় মাছগুলি তাহাদের সাব্বাতকালে মাথা উঁচু করিয়া তাহাদের নিকট আসিত (বা আসে)। এবং যে সময় সাব্বাত পালন করিত না তাহাদের নিকট আসিত না। এইরুপ হইয়া থাকে। তাহারা যে প্রবৃত্তিপরায়নতা করে উহা দ্বারাই তাহাদিগকে আমরা পরিক্ষা করিয়াছিলাম।

১৬৪। এবং যখন তাহাদেরকেই এক উম্মত বলিয়াছিল: “কেন তোমরা এমন একটা কাওমকে হেদায়ত কর যাহাদিগকে আল্লাহ বিনাশ করিবেন অথবা কঠোর শাস্তি  দিবেন?” তাহারা (অর্থাৎ প্রচারকরা) বলিলেন: তোমাদের রবের দিকের মজুরীর জন্য (অর্থাৎ অপারগতার কৈফিয়তের জন্য) এবং যেন তাহারা তাকওয়া করে (সেই জন্য)।”

১৬৫। তারপর যখন তাঁহার সহিত সংযোগের বিষয় ভুলিয়া গেল, আমরা উদ্ধার করিলাম তাহাদিগকে যাহারা অসীম মন্দ হইতে নিষেধ করিত, এবং জুলুমকারীদিগকে নিকৃষ্ট একটা শাস্তি দ্বারা ধরিয়াছিলাম, যে ইন্দ্রিয়পরায়নতা তাহারা করে উহা দ্বারা।

১৬৬। সুতরাং যাহা হইতে নিষেধ করা হইয়াছিলো, যখন তাহারা তাহাতে বিরুদ্ধাচারী হইল, তখন আমরা তাহাদিগের জন্য বলিয়াছিলাম: “তোমরা বিতাড়িত বানর হইয়া যাও”।

ব্যাখ্যা ( ১৬৩-১৬৬): সাব্বাত দিবসে সালাত ব্যতীত যে কোন কাজ করা নিষেধ। এই সময়ে যাহাই করা হোক না কেন তাহা সালাতমন্ডিত করিয়া সম্পাদন করিতে হইবে।

ইহুদীদিগের জন্য তাহাদের সাব্বাত দিবস শনিবারের সাংসারিক কার্য করা আইনত নিষিদ্ধ ছিল। তাহাদের আইন অনুসারে সাব্বাতের ধ্যানবিধি ভঙ্গ করিলে প্রাণদন্ডের বিধান ছিল। ইহার কারন তাহাদের ধর্মগ্রন্থের বিধান মতে সেইদিন সালাত ব্যতীত কেহ কোন কাজ করিলে সেই ব্যাক্তি মানুষের দল হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িবে।

সালাত দায়েমী অর্থাৎ সার্বক্ষণিক। মুক্তির লক্ষ্যে জীবনের প্রতিটি বিষয়ের উপর সালাত করিতে হইবে। দায়েমী সালাত শিক্ষা দেবার জন্যই নবীগণ সপ্তাহে একদিন পরিপূর্ণভাবে সালাতে আত্মনিয়োগ করিবার ব্যবস্থা দান করিয়াছেন। সাত দিনের মধ্যে সেই দিনকে সাব্বাত বা সপ্তম দিবস বলে। ইহা সম্পুর্নরুপে সাধনার দিবস হিসেবে নির্ধারিত থাকে। এই দিনটি বাকি ছয় দিনের উপর প্রভাব বিস্তার করে বিধায় ইহার গুরুত্ব বা শ্রেষ্ঠত্ব অসীম।

বিশিষ্ট তিনজন নবী সাপ্তাহিক সপ্তম দিবস নির্ধারিত করিয়াছেন শনিবার, রবিবার এবং শুক্রবার। সাতটি বারের মধ্যে কোন বারই বিশেষ বুজর্গী বা গুরুত্ব বহন করে না। গুরুত্ব বহন করে সেই কাল যাহাতে আত্নদর্শনের সালাত করা হয়।

লোহিত সাগরের তীরে এলাত নামক স্থানে হজরত দাউদ নবীর রাজত্বকালে সাব্বাত দিবসে মাছ ধরিবার অপরাধে একদল ইহুদী বানর হইয়া গিয়াছিল। সেই উপাখ্যানের কথাই এখানে উল্লিখিত হইয়াছে। বিষয়টি স্থান ও কালে আবদ্ধ শুধুমাত্র কোন একটি নির্দিষ্ট ঘটনা নয়, বরং ইহা সার্বজনীন এবং সর্বকালীন একটি বিষয়। সংস্কার সমুদ্র পাড়ি দেওয়ার জন্য যাহারা এই সমুদ্র  তীরবর্তী হয় অর্থাৎ সালাত পালনে ব্রতী হয় তাহাদিগের মধ্যে এইরুপ অবস্থা ঘটিয়া থাকে।

ইন্দ্রিয়পথে আগমনকারী বিষয়সমূহের কোনটি কখন আসিল অথবা অতীত হইয়া গেল অসালাতী অবস্থায় তাহা সুষ্পষ্ট দৃশ্যমান হয় না। সালাতকালে সেই বিষয়গুলি স্বরুপ স্পষ্টভাবে ফুটিয়া উঠে যেগুলি আমরা বড় করিয়া দেখি। সাব্বাত পালনকালে বড় বড় মাছগুলি মাথা উঁচু করিয়া আত্নপ্রকাশ করে। অর্থাৎ যে বিষয়গুলি সম্বন্ধে মন অবচেতন ছিল সেইগুলির উপর সালাত বা ধ্যান প্রোয়োগের কারনে সেইগুলি মাথাচাড়া দিয়া স্পষ্ট  হইয়া উঠে। এইগুলি যাকাত না করিয়া ধরিয়া রাখিলে শেরেকের অপরাধে অপরাধী হইতে হয়। সাব্বাতের সালাতের সাহায্যে আল্লাহতা’লা মানুষকে পরীক্ষা করিয়া থাকেন। আপন সালাতের মধ্যে গোলযোগ সৃষ্টির কারণে পরজন্মে বানর হইয়া যাওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করিয়া যে কথাগুলি প্রকাশ করা হইয়াছে তাহাতে সালাতের ফলশ্রুতি ব্যক্ত হইয়াছে।

যে ইন্দ্রিয়ের যে – বিষয়গুলির উপর সালাত করা হয় সেইগুলির মোহ যাহাতে মনের মধ্যে জাগিয়া না উঠে বরং তাহা সম্পূর্ণ জাকাত করা হইয়া যায় সেই চেষ্টাই সালাতীকে করিতে হইবে। সালাত করিলে আগমনকারী বিষয়গুলি সুষ্পষ্ট হইয়া জাগিয়া উঠে। সালাত না করিলে কখন কোন বিষয় মন- মস্তিষ্কে প্রবেশ করিল অথবা না করিল তাহা অজ্ঞাতই থাকে এবং এইরুপ অজ্ঞাত এবং অসাবধান অবস্থায় বহু শিরিক মস্তিষ্কে অজ্ঞাতে জমা হইয়া যায়। সাব্বাত পালন করিয়া যাহারা দায়েমীভাবে সালাতী হইয়াছেন তাহাদের নিকট তাহাদের বড় বড় মাছগুলি মাথা উঁচু করিয়া প্রতিদিন আসিতেই থাকে। সুতরাং তাহাদের অজ্ঞাতে শেরেক পয়দা করিতে পারে না। অপরপক্ষে সীমা লংঘনকারী সাব্বাতীগন তাহাদের ধ্যানের মধ্যে আগত বিষয়গুলির মোহ জাকাত করে না।

মুসা নবীর সৃষ্ট উম্মতগুলির মধ্যে কোন এক উম্মতের লোকেরা তাহাদের ইমামগনকে জিজ্ঞাসা করিল: “কেন আপনারা এমন সব লোকদিগকে হেদায়ত করেন (অর্থাৎ ধর্মদেশনা দ্বারা পথ দেখাইবার চেষ্টা করেন) যাহাদিগকে আল্লাহ সালাত গ্রহন না করিবার কারনে বিনাশ করিবেন এবং কঠিন শাস্তি দিবেন?” প্রতি উত্তরে তাঁহারা বলিলেন: “তোমাদের গুরুর আশ্রয়ের দিকে যাইবার যে অসুবিধাগুলি তাহাদের আছে সেইগুলি নিরসনের পথ দেখাইবার জন্যই আমরা হেদায়ত করি যাহাতে তাহারা গুরুর প্রতি কর্তব্যপরায়ন হইতে পারে। তাহারা নিজেরা আপন ভবিষ্যত কর্মপন্থা সঠিক গ্রহণ করিবার যোগ্য নহে,কারণ তাহারা অন্তর্দৃষ্টিসম্পন্ন ভবিষ্যৎ- দ্রষ্টা নয়।”

সংসার পরিস্থিতির  নানারুপ জটিলতার মধ্যে আবদ্ধ হইয়া মানুষ সালাতের অনুশীলনে অক্ষম হইয়া থাকে, সেখান হইতে উদ্ধার করিবার চেষ্টা করা গুরুগনের নৈতিক দায়িত্ব।

ইহার পরেও যাহারা হেদায়ত গ্রহণ না করিয়া গুরুর সহিত সংযোগ ভুলিয়া থাকে তাহারা তাহাদের প্রবৃত্তিপরায়নতা  দ্বারা শাস্তির মধ্যে ধরা পড়িয়া থাকে। অপরপক্ষে যাহারা অসীম মন্দ হইতে মানুষকে নিষেধ করে তাহাদিগকের উদ্ধার করা হয় যেহেতু তাহারা আমানু। অসীম মন্দ এবং অসীম অপবিত্রতা একই কথা। ( দ্রষ্টব্য : ১৫৭)।

  • টাইপিং সহযোগী মৈত্রী – তাসলিমা খাতুন